শনিবার ২ মে ২০২৬
সিরিজ জয়ের টার্গেটে শনিবার নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ১০:৩৮ পিএম   (ভিজিট : ২১)
তিন ম্যাচ সিরিজ জয়ের টার্গেটে আগামীকাল শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয় পায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি। 

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আবারও ব্যাট-বল হাতে জ্বলে উঠে সিরিজ জিততে চায় বাংলাদেশ। আজ শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন বলেন, ‘দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির উপর কারো হাত নেই, এটা আসলে ব্যাড লাক। তারপরও শেষ ম্যাচে আমাদের সিরিজ জয়ের ভালো সুযোগ আছে। আমরা অবশ্যই সিরিজ জয়ের জন্য মাঠে নামবো। আমরা চাইবো, শেষ ম্যাচেও ভালো ক্রিকেট খেলে সিরিজ জিততে।’

অন্যদিকে, সিরিজ জয়ের সুযোগ না থাকলেও শেষ ম্যাচ জিতে সিরিজ হার এড়ানোর পাশাপাশি ভালোভাবে বাংলাদেশ সফর শেষ করতে চায় নিউজিল্যান্ড। দলের ব্যাটার ডিন ফক্সক্রফট বলেছেন, ‘চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। আমাদের সামনে এখনো সিরিজ হার এড়ানোর সুযোগ আছে। ভালো ক্রিকেট খেলে সুযোগ কাজে লাগাতে চাই। আমরা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে আলোচনা করেছি। ঐ ম্যাচে অনেক ভালো দিক ছিল, কিছু ভুলও ছিল। ভুলগুলো শুধরে আগামীকাল ভালোভাবে লড়াইয়ে ফিরতে চাই।’

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র একবার সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২১ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচ সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল টাইগাররা। ২০২৩ সালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সর্বশেষ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়। 

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৫টি ম্যাচ জিতেছে টাইগাররা। ১৫ ম্যাচে জয় আছে কিউইদের। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। 

আজকালের খবর/একে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft