নিবার্চনে প্রার্থী হবেন তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন তামিম ইকবাল। এমন গুঞ্জন কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। তবে সেই গুঞ্জনকে আজ সত্যি হতে দিলেন না তামিম।
বিসিবি থেকে পদত্যাগ করার কোনো চিন্তা করেননি বলে আজ মিরপুরে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তামিম।
সঙ্গে নির্বাচন করবেন জানিয়ে সাবেক অধিনায়ক বলেছেন, পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি, আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে, আমি সেটাই অনুসরণ করব। অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করার কথা চিন্তাই করিনি।
আগামী জুনের মধ্যে বিসিবির নির্বাচন করার কথা কিছুদিন ধরেই বলে আসছেন তামিম।
আগামী রবিবার (৩ মে) বিসিবির সভায় দিনক্ষণ ঠিক হতে পারে। এবারের নির্বাচন ফেয়ার হবে, এমনটা জানিয়ে সাবেক বাঁহাতি ওপেনার বলেছেন, প্রথম দিন থেকেই আমি বলেছি নির্বাচনে অংশগ্রহণ করব। ফেয়ার ইলেকশন নিয়ে আমরা এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি আমাদের অধীনে ইনশাআল্লাহ ফেয়ার ইলেকশন হবে।
গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়।
১১ সদস্যের সেই অ্যাডহক কমিটির সভাপতি করা হয় তামিমকে। তার মূল দায়িত্ব হচ্ছে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া। অর্থাৎ আগামী ৬ জুনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে।
আজকালের খবর/বিএস