মাহা সাংগ্রাই পোয়েঃ ২০২৬ ইং উপলক্ষে রোয়াংছড়ি উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়ন উদযাপন পরিষদের আয়োজনে মৈত্রী পানি বর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে ২ নম্বর তারাছা ইউনিয়নের বেতছড়া বাজারে ইউনিয়ন পরিষদ মাঠে তারাছা ইউনিয়ন সাংগ্রাই উদযাপন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৩১৬ নম্বর বেতছড়া মৌজার হেডম্যান ও হেডম্যান-কারবারি কল্যাণ পরিষদের সভাপতি হ্লাথোয়াইহ্রী মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪০ নম্বর মৌজার হেডম্যান ও হেডম্যান-কারবারি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক উনিহ্লা মারমা, ২ নম্বর তারাছা ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এবং তারাছা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মংবাথোয়াই মারমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নম্বর তারাছা ইউনিয়ন সাংগ্রাই উদযাপন পরিষদের সভাপতি রোমিও মারমা। সঞ্চালনা করেন ক্রাই নুচিং মারমা, শৈপ্রুঅং মারমা ও মাং সিংউ মারমা। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানের চারপাশ জুড়ে ভেসে আসে মারমা ঐতিহ্যবাহী সুরের আবেশ। নাচ-গানের উচ্ছ্বাসে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ আনন্দে মেতে ওঠে। তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেয়—কখনো এক তরুণ পানির ছিটা দিয়ে খুনসুটি শুরু করে, আবার তরুণীও হাসিমুখে পাল্টা জবাব দেয়।
এভাবেই হাসি-আনন্দ আর বন্ধুত্বের বন্ধনে তারা মেতে ওঠে মৈত্রী পানি বর্ষণে।এই প্রাণবন্ত আয়োজনে বিদেশি দর্শনার্থীরাও অংশ নিয়ে উপভোগ করেন উৎসবের অনন্য আমেজ।
কাওছার আল হাবীব/আজকালের খবর