শুক্রবার ১ মে ২০২৬
ফরিদপুরে কৃষক সেজে ডাকাত ধরলো পুলিশ
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ২৫৯)
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিনব কৌশলে অভিযান চালিয়ে কাওছার শেখ (৩৫) নামে এক পলাতক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। কৃষকের ছদ্মবেশ ধারণ করে ঝুঁকিপূর্ণ এই অভিযানে নেতৃত্ব দেন ভাঙ্গা থানার এএসআই মো. আতাউর রহমান, যার সাহসিকতা ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলছেন, পুলিশের এমন সাহসী ও বুদ্ধিদীপ্ত অভিযানে অপরাধ দমনে নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডাকাতি মামলার আসামি কাওছার শেখ ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে পৌরসভা ও ঢাকা-খুলনা হাইওয়ে এক্সপ্রেসপথে সংঘটিত একাধিক ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর দায়ের করা একটি ডাকাতি মামলায় (মামলা নং-০৫, জিআর-৩২৪/২৪, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড) গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ভাঙ্গা উপজেলার হাসামদিয়া এলাকার একটি ফসলের মাঠে অবস্থান নেয় পুলিশ। অভিযানের অংশ হিসেবে এএসআই আতাউর রহমান খালি গায়ে গামছা পরে কৃষকের ছদ্মবেশ ধারণ করেন, যাতে সন্দেহ এড়ানো যায়। পরে সঠিক সময় বুঝে কৌশলে কাওছারকে আটক করা হয়। ওইদিন রাত ১১টার দিকে তিনি গণমাধ্যমের সামনে এই অভিযানের বিস্তারিত তুলে ধরেন।

গ্রেফতারকৃত কাওছার শেখ ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের বাসিন্দা এবং দাউদ শেখের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আরও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত চলমান রয়েছে।

এ বিষয়ে এএসআই মো. আতাউর রহমান বলেন, ওসি মিজানুর রহমানের নির্দেশনায় আমরা অভিযান পরিচালনা করি। কাওছার দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং তাকে ধরতে বিশেষ কৌশল গ্রহণ করা হয়। অবশেষে সফলভাবে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft