প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৭:৪৯ পিএম (ভিজিট : )

ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহব্যাপী সীমিত সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে।
রবিবার (২৯ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ণমাত্রার আক্রমণের পরিবর্তে এই পরিকল্পনায় বিশেষ বাহিনী ও পদাতিক সেনাদের মাধ্যমে সীমিত অভিযান অন্তর্ভুক্ত থাকতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে খার্গ দ্বীপ এবং হরমুজ সংলগ্ন উপকূলীয় এলাকাগুলোর কথা উল্লেখ করা হয়েছে।
তবে এসব পরিকল্পনায় এখনো চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্টকে বিভিন্ন বিকল্প দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে, চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রায় ৩ হাজার ৫০০ অতিরিক্ত সেনা জাহাজে করে অঞ্চলে পৌঁছেছে। এসব সেনা ৩১ মেরিন একপেডিশনারি ইউনিটের অংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, খার্গ দ্বীপ দখল বা গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার বিষয়েও আলোচনা হয়েছে। এসব অভিযানের সম্ভাব্য সময়সীমা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে।
অন্যদিকে ইরান কড়া হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে।
তিনি সতর্ক করে বলেন, যদি মার্কিন সেনারা ইরানের ভূখণ্ডে প্রবেশ করে, তবে তাদের ওপর কঠোর হামলা চালানো হবে। এছাড়া ইরান ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনে বাব-এল মান্দেবে নতুন সংঘাতের সূচনা হতে পারে।
এ পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যদিও কূটনৈতিক প্রচেষ্টাও সমান্তরালে চলমান রয়েছে।
আজকালের খবর/বিএস