পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোষেরকাটা গ্রামে ২১ মাস বয়সী শিশুকে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (৯মার্চ) শিশুটিকে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার নানি লাখী বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে ওই নারী স্থানীয় এক যুবকের সঙ্গে মুঠোফোনে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ২১ মাসের শিশু রাফসানকে রেখে (গত ২৭ ফেব্রুয়ারি রাতে) প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে চলে যান বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
প্রেমিকের নাম আরাফাত বলে জানা গেছে। আরাফাত উপজেলার বেতমোর ইউনিয়নের ঘোপখালী গ্রামের দুলাল আকনের ছেলে।
এ ঘটনায় শিশুটির নানি লাখী বেগম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে শিশু রাফসান নানির কাছেই রয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি সুজন বিশ্বাস অভিযোগ এর সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের খবর/আরএম