মঙ্গলবার ২৬ মে ২০২৬
রায়গঞ্জে আওয়ামী লীগের হামলায় বিএনপির ২ কর্মী নিহত
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৫৯২)
সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

নিহতরা হলেন, গোয়ালপাড়া গ্রামে মৃত মমছের আলীর ছেলে ইসমাইল (৭০) ও মৃত ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।

ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, দীর্ঘদিন ধরে পুকুরটি আওয়ামী লীগ সমর্থকরা চাষাবাদ করত। ৫ আগস্টের পর আবু বক্বার সিদ্দিক পুকুরটি লিজ নিলেও সেখান থেকে মাছ ধরতে দেয়নি আওয়ামী লীগের আছমত আলী গং। আজকে সকালে আবু বক্কার সিদ্দিকের লোকজন মাছে ধরতে গেলে আওয়ামী লীগের লোকজন হামলা করে দুজনকে মেরে ফেলেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক থাকায় এ বিষয়ে কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রায়গঞ্জ থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, গোয়ালপাড়া গ্রামের ৫ বিঘা আয়তনের খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের দ্বন্দ্ব চলে আসছিল। আছমত আলী বিগত ১৫/১৬ বছর ধরে গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটি চাষাবাদ করে আসছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক ৩ বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। সোমবার সকালে আবু বকর সিদ্দিক তার লোকজন নিয়ে মাছ ধরার জন্য পুকুরে জাল ফেললে আছমত আলীর লোকজন এসে বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় হাসুয়া, দা, লাঠিসোঁটা নিয়ে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থিত ৪ জন ও বিএনপি সমর্থিত ৭ জন গুরুতর আহত হন।

৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুপুর ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মারা যান।

ওসি আরও বলেন, ওই পুকুর দখলকে কেন্দ্র করে ২০০৭ সালে ফজলার রহমান নামে একজন ব্যক্তি নিহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান বলেন, পুকুর নিয়ে দুপক্ষের সংঘর্ষে বিএনপির দুজন কর্মী মারা গেছেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। 

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft