শনিবার ১৬ মে ২০২৬
সোনাগাজী উপজেলাতে পূর্ব শত্রুতার জেরে তাঁতি দল নেতা খুন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৮ এএম   (ভিজিট : ৩৪৩)
ফেনীর সোনাগাজীতে পূর্ব শত্রুতার জেরে আইয়ুব নবী তারেক (২৬) নামের এক তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের গুণক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তারেক গুণক গ্রামের কামাল উদ্দিনের ছেলে এবং বগাদানা ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ, নিহতের পরিবার, এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা যায়, একই গ্রামের স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর এক কর্মী নাহিদ দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার তারেক মীমাংসা করেন। পারিবারিক বিষয়ে বারবার হস্তক্ষেপ করায় তারেকের ওপর ক্ষুব্ধ ছিল অভিযুক্ত পরিবারের সদস্যরা।

বুধবার সন্ধ্যায় পুনরায় নির্যাতনের অভিযোগ তুলে নাহিদের স্ত্রী বিচার চেয়ে তারেককে বাড়িতে ডেকে নেন। সেখানে গিয়ে তারেক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললে নাহিদ, তার ভাই আবু সাঈদ, পিতা ওহিদুর রহমান ও মা নুর নাহার মিলে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা জাতীয়তাবাদী তাঁতি দলের সদস্য সচিব আবদুল আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা বলেন, বিষয়টি পারিবারিক বিরোধের জের ধরে ঘটেছে বলে শুনেছেন এবং তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

নিহতের পিতা কামাল উদ্দিন অভিযোগ করেন, নির্বাচনের সময় থেকেই তার ছেলেকে হত্যার পরিকল্পনা করা হচ্ছিল। ইফতারের পর ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে এবং তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, নিহত তারেকের বিরুদ্ধে একটি ওয়ারেন্ট ছিল। তবে ঘটনাটি রাজনৈতিক নয়, পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল এবং সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft