শনিবার ১৬ মে ২০২৬
জাতীয় ঐকমত্যের ভিত্তিতে চলচ্চিত্র শিল্পে বড় পরিবর্তনের ইঙ্গিত তথ্যমন্ত্রীর
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১:৫৪ পিএম   (ভিজিট : ৭)
জাতীয় ঐকমত্য, স্বচ্ছতা এবং সৃজনশীলতার বিকাশকে গুরুত্ব দিয়ে দেশের চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে চায় এবং সেই লক্ষ্যেই চলচ্চিত্রসহ সৃজনশীল খাতকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

তথ্যমন্ত্রী বলেন, “আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আসিনি; আমরা বলেছি এভাবে চলতে পারে না। রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, চলচ্চিত্রসহ সৃজনশীল শিল্প সভ্যতার জন্য একটি গুরুত্বপূর্ণ ‘সফট পাওয়ার’। এই শক্তিকে সমৃদ্ধ করার দায়িত্ব শিল্পী, নির্মাতা ও সৃজনশীল ব্যক্তিদের ওপরই বর্তায়।

চলচ্চিত্র শিল্পে নীতিনির্ধারণের ক্ষেত্রে সরকার সব অংশীজনের মতামত ও জাতীয় ঐকমত্যকে গুরুত্ব দেবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে কার্যকর সংযোগ ছাড়া উচ্চমানের সৃজনশীল উৎপাদন সম্ভব নয়।

চলচ্চিত্র খাতের সংস্কার প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, নবগঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও জুরি বোর্ডকে চলচ্চিত্র অঙ্গনের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছে, যা সরকারের জন্য বড় নৈতিক শক্তি হিসেবে কাজ করছে। অতীতে এসব বোর্ড গঠন নিয়ে বিতর্ক থাকলেও এবার সংশ্লিষ্টদের সমর্থন পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী জানান, আগামী অর্থবছরের বাজেটে চলচ্চিত্রে সরকারি অনুদানের পরিমাণ বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি অনুদানের অর্থ দ্রুত ছাড় এবং নির্ধারিত সময়ের মধ্যে চলচ্চিত্র নির্মাণ শেষ করতে কঠোর নজরদারির কথাও জানান তিনি।

দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়াকে চলচ্চিত্র শিল্পের অন্যতম বড় সংকট উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, একক সিনেমা হলগুলো টিকিয়ে রাখা ও আধুনিকায়নের জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে শিল্প সমালোচক ও চলচ্চিত্র বোদ্ধা মঈনুদ্দিন খালেদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ড. জহিরুল ইসলাম কচি এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবালসহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft