রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে পঞ্চগড়ে সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন ইফতারির দোকান, কাঁচাবাজার ও মুদি দোকানে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। এ সময় মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মজুতদারি বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসে যেন কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।
অভিযান চলাকালে কয়েকজন ব্যবসায়ীর মাঝে মাক্স,ক্যাপ ও গ্লোভ বিতরণ করা হয়। সেই সাথে সতর্ক করা এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
এ সময় সদর সদর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, সদর উপজেলার সহকারি কমিশনার(ভূমি) মোহন মিনজি, পৌরসভার স্যানিটারি ইনসপেক্টর হুমায়ুন কবীর, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা জয় চন্দ্র রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী, কৃষি বিপনন কর্মকর্তা আব্দুর রহমানসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
কাওছার আল হাবীব/আজকালের খবর