নরসিংদীর শিবপুরে প্রান্তিক চাষীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে উন্নত প্রজাতির হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিবপুর উপজেলা ব্র্যাক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
এর আগে সকালে স্থানীয় চাষীদের নিয়ে হাঁস লালন-পালন ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে চাষীদের মাঝে তিন শতাধিক উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা প্রাণী হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে হাঁস পালন করা সম্ভব হওয়ায় এতে উৎপাদন খরচ নেই বললেই চলে। এই হাঁসের মাংস ও ডিমের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। গ্রামীণ নারীরা ও প্রান্তিক চাষীরা স্বল্প পরিসরে হাঁস পালন করে যেমন নিজেদের প্রোটিনের চাহিদা মেটাতে পারেন, তেমনই অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা কোঅর্ডিনেটর মো. মিজানুর রহমান, সিনিয়র এইচআর অফিসার বিউটি আফরোজ মিথিলা, উপজেলা ব্যবস্থাপক মো. মফিজুল ইসলাম এবং কৃষিবিদ আবদুল্লাহ আল শরিফ।
আজকালের খবর/কাওছার আল হাবীব