মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে নির্বাচনী প্রচারণার মিছিলকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দিঘিরপাড় বাজার থেকে ইউনিয়ন বিএনপি সভাপতি শামিম মোল্লার সমর্থকরা মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে নির্বাচনী প্রচারণার মিছিল নিয়ে কামারখাড়া এলাকায় গেলে একই দলের সমর্থক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার খাঁনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এর জের ধরে দ্বিতীয় দফায় দুপুর ১টার দিকে পুলিশের উপস্থিতিতেই পুনরায় সংঘর্ষে জড়ায় স্থানীয় খাঁন ও মোল্লা বংশের বিএনপি সমর্থিত দুই গ্রুপ। এ সময় লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় লোকজন। পরে আতঙ্ক ছড়িয়ে পড়লে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ করে চলে যান স্থানীয় ব্যবসায়ীরা।
তবে এ ঘটনায় কারা আহত হয়েছেন এটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
খবর পেয়ে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তাজুল ইসলাম জানান, দিঘিরপাড় বাজারে বিএনপির মিছিল চলাকালীন দুই গ্রুপের সংঘর্ষ বাদে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে বিষয়টি নিশ্চিত করে, টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আজকালের খবর/বিএস