সোমবার ১৮ মে ২০২৬
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
আগামীকাল শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৬:৫৩ পিএম  আপডেট: ১১.১২.২০২৩ ৭:০৩ পিএম  (ভিজিট : ৮৮৮)
সরকার দেশের ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে। আজ সোমবার থেকে দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী ২৫ লাখ এবং ১২-৫৯ মাস বয়সী ১ কোটি ৯৫ লাখ। মোট ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিনিধিদের পাঠানো খবর:

রংপুর: রংপুর সিটি করপোরেশন (রসিক) এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে এবার ১ লাখ ২৯ হাজার ৫০০  শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ দুপুরে নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রসিক মেয়রের পক্ষে এ তথ্য জানান প্যানেল মেয়র ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান। ভিটামিন ‘এ’ ক্যাপসুলে সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই উল্লেখ করে কাউন্সিলর তৌহিদুর রহমান বলেন, আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরীর ৩৩টি ওয়ার্ডের নির্ধারিত সব ইপিআই টিকাদান কেন্দ্রে ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে। এ সময় ১ লাখ ২৯ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। গত বছরের চেয়ে এবার ৫০০ শিশুর সংখ্যা বেড়েছে।

তিনি আরো বলেন, এবার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২০ হাজার শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার ৫০০ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। যদি কোনো শিশু গত চার মাসের মধ্যে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খেয়ে থাকে, তবে সেই শিশুকে আর খাওয়ানোর প্রয়োজন নেই। 

প্যানেল মেয়র বলেন, ভরা পেটে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াতে হবে। খালি পেটে খেলে বমির ভাব হতে পারে। এতে বিচলিত না হয়ে অভিভাবকরা শিশুকে কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে পারেন। এ সময় তিনি অভিভাবকদের মুখে মাস্ক ব্যবহার করে শিশুকে নিকটস্থ ইপিআই কেন্দ্রে নিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জ, প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কাইয়ুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

প্রসঙ্গত, আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত টিকা কেন্দ্রসহ হাট-বাজার, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও রেলওয়ে স্টেশনের অস্থায়ী এবং ভ্রাম্যমাণ কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। এতে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ২৯ হাজার ৫০০ শিশুকে ছাড়াও আট উপজেলায় প্রায় পৌনে পাঁচ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য সুপারভাইজার, স্বেচ্ছাসেবী, টিকাদান কেন্দ্র নির্ধারণ করাসহ প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

সুনামগঞ্জ: সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জ জেলায়ও ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৭৮০০ শিশুকে একটি নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৩,০৯৪৫০ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল রবিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ইপিআই হল রুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভায় এ তথ্য নিশ্চিত করেন ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা। 

তিনি জানান, সুনামগঞ্জ জেলায় স্থায়ী, অস্থায়ী কেন্দ্রসহ মোট ২১৭৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা জানান, ভিটামিন ‘এ’ প্লাস পুষ্টি সেক্টরের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। শিশুদের অপুষ্টি নিরাময় অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক শারীরিক, মানসিক বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ একটি অত্যাবশ্যকীয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা ওমর ফারুক।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ২ লাখ ৯৬ হাজার শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে (৬-১১ মাস) ৩৩ হাজার ৬৮৫ জন শিশুকে নীল রঙের এবং ২ লাখ ৬২ হাজার ৯৫১ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল রবিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন এই তথ্য জানান সিভিল সার্জন ডা. আহাম্মেদ কবির। 

তিনি আরো বলেন, লক্ষ্মীপুর পৌরসভাসহ জেলার ৫৮ ইউনিয়নের মোট ১৪৮০ কেন্দ্রে, ২২২ স্বাস্থ্য সহকারী, ১৮৪ সুপারভাইজার, ২৯৬০ সেচ্ছাসেবক এই ক্যাম্পেইনে থাকবে। সিভিল সার্জন আরো বলেন, ভিটামিন এ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়। 

এ সময় মেডিক্যাল অফিসার ডা. আমেনা বেগম, জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদারসহ জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ও ডিজিস কন্ট্রোল ডা. শিরিন আখতার পপি, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সিভিল সার্জন কার্যালয়ের হেলথ এডুকেশন অফিসার আব্দুল হান্নান, জেলা স্যানেটারি ইন্সপেক্টর আশিষ কুমার সাহা প্রমুখ।  

কর্মশালায় জানানো হয় আজ মঙ্গলবার জেলায় মোট ২ লাখ ১৮ হাজার ৬৩৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯৯ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ১ লাখ ৯৩ হাজার ৩৫ জন। 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার পাঁচ উপজেলায় (সিটি করপোরেশন এলাকা ব্যতীত) ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৬ হাজার ৩৬০ শিশুকে আজ মঙ্গলবার খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টন সভায় জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, এ বছর আজ দিনব্যাপী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

নারায়ণগঞ্জ জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ১৪৩ শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৬ হাজার ২১৭ শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।’ এছাড়া শিশুকে জন্মের ৬ (ছয়) মাস পর্যন্ত বুকের দুধ পান করাতে হবে এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হইবে। অত্র জেলায় (সিটি করপোরেশন ব্যতিত) স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র ১ হাজার ৫৬টি, প্রতি কেন্দ্রে মোট ৩ জন (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীসহ) শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

দিবসটি পালনের জন্য সর্বস্তরের জনগোষ্ঠীকে অবহিত করার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সর্বত্র মাইকে প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দিবসটি সম্পর্কে জনগণকে অবহিত করেছেন। জেলা তথ্য বিভাগের মাধ্যমে বিভিন্ন তথ্য ও মাইকিংয়ের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতামূলক প্রচার অব্যাহত আছে। এছাড়াও জেলার মসজিদগুলোতে মাইকের মাধ্যমে জানানোর জন্য ইমামদের প্রতি নির্দেশনা প্রেরণ করা হয়েছে। এছাড়া যেসব এলাকায় শিশুদের বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেসব এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে ইটভাটা, বেদেপল্লী, পথশিশু, চর এলাকা, এতিমখানা, বস্তিসহ অন্যান্য দুর্গম এলাকাগুলোতে ক্যাম্পেইনের পরবর্তী ৪ দিন অনুসন্ধান চালানো হবে। কোনো শিশু যদি ক্যাম্পেইনের দিন বাদ পড়ে যায় তাহলে পরেও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করে খেতে পারবে।

জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. একেএম মেহেদী হাসান। 

সভায় অন্যদের আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. শিল্পী আক্তার, জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের এমটি (ইপিআই) অলক রহমান, মো. আনোয়ার হোসেন ও শওকত জামান প্রমুখ।

আজকালের খবর/ওআর













 








আরও খবর


Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft