দীর্ঘ ২৭ বছরের গৌরবময় শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যাওয়া বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেনকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি ও উড়শীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন দামচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খালেদ হাসান আজাদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাফিয়া বেগম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শাহাদাত হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ.বি.এম. মোমিনুল হক, জসিম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবু কাউছার এবং ব্রাহ্মণবাড়িয়া শিশুনাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটুসহ আরও অনেকে।
স্বাগত বক্তব্য দেন সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক ও মৈন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গাফফার। শুভেচ্ছা বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ও সুহিলপুর মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম. এ. মোমেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, "প্রাথমিক শিক্ষা হলো জাতির শিক্ষাব্যবস্থার ভিত্তি ও মূল স্তম্ভ। এখান থেকেই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষাজীবনের ভিত রচিত হয়। তাই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিক পর্যায় থেকেই একাধিক ভাষা শিক্ষার ব্যবস্থা, 'ওয়ান ট্যাব, ওয়ান টিচার' নীতিমালা প্রণয়নসহ আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে।"
বিদায়ী শিক্ষক মনির হোসেন সম্পর্কে তিনি বলেন, "তিনি শুধু একজন শিক্ষক নেতা নন, একজন দক্ষ সংগঠকও। শিক্ষকতার পাশাপাশি রেড ক্রিসেন্ট, স্কাউটসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। অবসর জীবনেও তাঁর অভিজ্ঞতা সমাজ ও শিক্ষা অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।"
অনুষ্ঠানে বক্তারা মনির হোসেনের দীর্ঘ শিক্ষকতা জীবনের কর্মনিষ্ঠা, সততা, দায়িত্বশীলতা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি সহকর্মীদের অধিকার আদায়ে এবং শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
অনুষ্ঠানের শেষপর্বে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক মো. মনির হোসেনের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা এবং বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, মো. মনির হোসেন দীর্ঘ ২৭ বছর শিক্ষকতা জীবনে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শেষ সময়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষক সমাজের পাশাপাশি স্থানীয়দের কাছেও তিনি একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক এবং সংগঠক হিসেবে সুপরিচিত।
আজকালের খবর/ এমকে