ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক দুটি অভিযানে মোট ৩২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) ভোর ও সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, প্রথম অভিযানে শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিটে কসবা থানার একটি দল উপজেলার বায়েক এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ জামাল মিয়া (৪২) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করে। তিনি বায়েক এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
একই দিন সকাল ১১টা ৩০ মিনিটে কসবা পৌরসভার শাহপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি অটোরিকশা আটক করে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা তিন মাদক কারবারী—ইসমাইল, মো. ইকবাল ও মো. মাহফুজ মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ইসমাইল আকবপুর এলাকার মৃত আলী হোসেনের ছেলে। মো. ইকবাল ধনু মিয়ার ছেলে এবং মো. মাহফুজ মিয়া নূর মোহাম্মদের ছেলে। ইকবাল ও মাহফুজ উভয়ের বাড়ি কুইয়াপানিয়া এলাকায়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কসবা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের খবর/ এমকে