স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, দেশকে আরও একধাপ এগিয়ে নিতে হলে আমাদের প্রতিটি গ্রামকে উন্নত অর্থনীতি ও শহুরে সুযোগ-সুবিধা দিয়ে রূপান্তর করতে হবে। আরডিএ বগুড়া সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
আরডিএ বগুড়া গ্রামীণ জনগণের জীবনযাত্রার উন্নতির জন্য সম্ভাব্য সব উপায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। ভবিষ্যতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করার পাশাপাশি লালিত স্বপ্ন, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে হাতে গড়া আরডিএ নিরলস কাজ করছে। একই সাথে বুদ্ধিবৃত্তিক সক্ষমতা বৃদ্ধি করতে গ্রামীণ দারিদ্র্য দূরীকরণের প্রচেষ্টাকে বাড়িয়ে তুলতে এবং গ্রামীণ উন্নয়নে একটি উৎকর্ষ কেন্দ্র হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণ এবং শ্রমজীবী মানুষের সঠিক শ্রমমজুরী নিশ্চিত করতে হবে। ন্যায় ভিত্তিক এবং বাসযোগ্য সমাজ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
২০২৬-২০২৭ অর্থবছরের কার্যকর পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ২৫ ও ২৬ জুলাই দুই দিনব্যাপি পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়া’র ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠানে শনিবার (২৫ জুলাই) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈশ্বিক ও জাতীয় অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং বৈষম্যহীন টেকসই বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংঘাতের রাজনীতি পরিহার করে শিক্ষা, মর্যাদা ও টেকসই উন্নয়নের পথ বেছে নিতে হবে। তরুণদের সঠিক নিয়োগ ও কর্মসংস্থান তৈরি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, সর্বজনীন ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠা এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আগামী দিনের জন্য প্রগতিশীল কর্ম পরিকল্পনা প্রণয়নে সরকারের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা: পরিপ্রেক্ষিত পরিকল্পনা ও নির্দেশিকাগুলি মনে রাখার জন্য আরডিএ বগুড়া’র অনুষদ সদস্যদের এবং অংশগ্রহণকারীদের পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, বর্তমান আধুনিক যুগের সাথে তালমিলিয়ে বিভিন্ন নীতিমালা সংশোধন, তরুণদের জন্য সঠিক নিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশিদের অবারিত কাজের সুযোগ প্রসারিত করার উপর গুরুত্ব দিতে হবে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাঃ শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী সংসদ সদস্য (জয়পুরহাট-বগুড়া) সুরাইয়া জেরিন রনি। এসময় উপস্থিত ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক। প্রবন্ধে তিনি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি, দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রান্তিক জনগোষ্ঠীর সংকট দূরীকরণে সরকারের দূরদর্শী পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে আরডিএ পানিসাশ্রয়ী সেচ, সৌরচালিত সেচ, আইওটি সেচ প্রযুক্তি, চরাঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি, পল্লী জনপদ ও নারী বীজ উদ্যোক্তা মডেলের মতো যুগান্তকারী প্রযুক্তি সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
আরডিএ বগুড়ার পরিচালক (প্রশিক্ষণ) মোঃ দেলোয়ার হোসেনের আহ্বানে আয়োজিত এ সম্মেলনে উন্মুক্ত আলোচনা, উদ্ভাবিত পণ্যের প্রদর্শনী এবং গবেষণা বিষয়ক পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়।
আজকালের খবর/কাওছার আল হাবীব