রেকর্ড বই ওলটপালট করা যার অভ্যাস, সেই লিওনেল মেসি চলতি বিশ্বকাপে মেতেছেন এক নতুন ‘পাগলামিতে’। একের পর এক ম্যাচ জেতানোর পাশাপাশি এবার তিনি দাঁড়িয়ে আছেন ফুটবল ইতিহাসের অন্যতম কঠিন ও ‘অসম্ভব’ এক রেকর্ডের সামনে। কাতার বিশ্বকাপের পর চলতি বিশ্বকাপেও গোলবন্যা ছুটিয়ে মাত্র ৫ ম্যাচেই পকেটে পুরেছেন ৮টি গোল। যার ফলে এক একক বিশ্বকাপে ফ্রান্সের কিংবদন্তি জুস্ত ফন্টেইনের করা সর্বোচ্চ ১৩ গোলের সেই ঐতিহাসিক কীর্তি ভাঙার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে আর্জেন্টাইন অধিনায়কের সামনে।
১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে মাত্র ৬ ম্যাচ খেলে ১৩টি গোল করেছিলেন ফন্টেইন, যা গত প্রায় সাত দশক ধরে অক্ষত রয়েছে। শেষ ষোলোর লড়াই শেষে মেসি এখন সেই রেকর্ড থেকে মাত্র ৫ গোল দূরে আছেন।
অবশ্য মিক্সড জোনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আর্জেন্টাইন মহাতারকা বারবারই বলছেন, তিনি নিজের কোনো রেকর্ডের জন্য খেলছেন না, বরং সতীর্থদের মুখে হাসি ফোটানোই তার মূল লক্ষ্য। তবে মাঠের পারফরম্যান্সে তার গোলক্ষুধা অন্য কথাই বলছে। গ্রুপ পর্ব ও নকআউটের প্রথম ম্যাচ মিলিয়ে মেসি আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকসহ ৩টি, অস্ট্রিয়ার বিপক্ষে ২টি এবং জর্ডান, কেপ ভার্দে ও মিসরের বিরুদ্ধে ১টি করে গোল করেছেন।
মজার ব্যাপার হলো, এর মধ্যে অস্ট্রিয়া ও মিসর ম্যাচে দুটি পেনাল্টি মিস না করলে টুর্নামেন্টের এই পর্যায়েই তার গোলসংখ্যা ১০ ছুঁতে পারত। বর্তমানে গোলদাতার তালিকায় ৮ গোল নিয়ে শীর্ষে থাকা মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড, উভয়েরই গোলসংখ্যা ৭। হ্যারি কেইন করেছেন ৬ গোল। তবে এই চার তারকাই নিজ নিজ দলকে নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠায় গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে।
এই আসরে গোলবন্যার পাশাপাশি আরও কিছু অনন্য রেকর্ড নিজের করে নিয়েছেন ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর। গত মঙ্গলবার মিসরের বিপক্ষে মাঠে নেমে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের টানা ৯টি ম্যাচে গোল করার এক অবিশ্বাস্য কীর্তি গড়েছেন মেসি। চার বছর আগের বিশ্বকাপে নকআউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে গোল করার পর চলতি আসরের ৫ ম্যাচের প্রতিটিতেই জালের দেখা পেলেন তিনি। সব মিলিয়ে ক্যারিয়ারের ছয়টি বিশ্বকাপ মিলিয়ে ৩১টি ম্যাচ খেলে সর্বোচ্চ ২১টি গোলের মালিক এখন লিওনেল মেসি। অবশ্য মাত্র ২৭ বছর বয়সেই ৩টি বিশ্বকাপ খেলে ১৯ ম্যাচে ১৯ গোল নিয়ে তার ঠিক পেছনেই ছুটছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে আর্জেন্টিনার সামনে এখনো সর্বোচ্চ তিনটি ম্যাচ বাকি রয়েছে, আর এই পথেই জুস্ত ফন্টেইনের সেই অমর রেকর্ড মেসি নিজের করে নিতে পারেন কি না, তা দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব। সূত্র: মার্কা
আজকালের খবর/বিএস