
আবারও অভিনয়ে ফিরতে চান এই সময়ের ব্যস্ত এবং সফল ডিজে সুমী। ইভেন্ট, কর্পোরেট, ক্লাব আর ওয়েডিংয়ের শো নিয়েই এখন দারুণ ব্যস্ত তিনি। কখনো দিনের আলো, আবার কখনো আধো আলো আধো অন্ধকারেই হ্যাভি মেটাল মিউজিকের শব্দ নিয়েই খেলা তার। নিজে নাচেন অন্যকে নাচান। এ এক অন্য জীবন। আনন্দের আড়ালে লুকিয়ে থাকে ভেজা ভেজা কষ্টগুলো। সবসময় হাসিমুখ আর উন্মাতাল থাকতে হয় সময়ের সাথে। ঠোঁটের কোণে হাসি আর তার তৈরি করা মিউজিকের শব্দে হারিয়ে যায় সামনে থাকা সব তরুণ-তরুণী। কারণ মিউজিকের উঠা-নামা, হট কিংবা মেলোডি পরিবেশ-সবকিছুই তো তখন তার নিয়ন্ত্রনে। জীবনসঙ্গী হিসেবে যাকে বেছে নিয়েছেন তিনিও একজন ডিজে। শো শেষে গভীর রাতে বাড়ি ফেরাদের মাঝে তিনি একজন। স্বামী ডিজে বলেই সব কিছু মানিয়ে নেয়া সম্ভব হয়েছে। শ্বশুরবাড়ির পক্ষ থেকেও কোনো অভিযোগ বা অনুযোগ নেই। সবমিলিয়ে বেশ আছেন তিনি। অবসর সময় কাটে একমাত্র মেয়েকে নিয়েই। পুরো নাম সুলতানা রাজিয়া সুমী। গ্রামের বাড়ি নোয়াখালী। জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতেই। বিবিএ করেছেন এক নামী বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে।
মিডিয়ায় কাজ করবেন এমন স্বপ্ন এবং দুর্বলতা অনেক আগে থেকেই। যে কারণে প্রস্তুতিটাও ছিল তার। বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে নাচ এবং অভিনয়ের ওপর প্রশিক্ষণ নেন ২০০২ সালে। এরপর অভিনয়ে সম্পৃক্ত হন ২০০৩ সালে। কাজ শুরুর পর থেকেই চলচ্চিত্র, টিভি এবং বিজ্ঞাপনে দারুণ ব্যস্ত হয়ে পড়েন। এভাবেই কেটে যায় টানা সাত বছর। ডিজে সুমী অভিনীত প্রথম চলচ্চিত্র চিত্রপরিচালক মোস্তাফিজুর রহমান বাবুর ‘মায়ের স্বপ্ন’। এরপর উত্তম আকাশ, সায়মন তারিকসহ অনেকের ছবিতেই কাজ করেছেন। টিভিতে বেশী কাজ করেছেন নজরুল কোরেশী ও দেবাশিষ বড়ুয়া দ্বীপের। ঐ সময় শাহ সিমেন্ট, রূপায়ন গ্রুপ ও ডোরেমন কেকের বিজ্ঞাপনের মডেল হয়ে আলোচনায় আসেন। হঠাৎ করেই ২০১০ সালে জড়িয়ে পড়েন ডিজে প্রফেশনে। ডিজে প্রফেশন নিয়ে তখন এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে, অভিনয়ে সময় দেয়া তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। ফলে দীর্ঘ গ্যাপ পড়ে অভিনয়ে। এখন আবার অভিনয়েই ফিরতে চান। অভিনয়ই এখন তার ধ্যানজ্ঞান। এজন্য পুরনোদের সাথে যোগাযোগও শুরু করেছেন। ডিজে সুমী বলেন, মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় নিয়েই থাকতে চাই।
মিডিয়ায় কাজ নিয়ে কোনো কষ্টের কথা জানতে চাইলে ডিজে সুমী বলেন, মিডিয়ার কাজ করতে আমার সবসময় ভালো লাগে। কোনো কাজই আমার কাছে কষ্টের মনে হয় না বরং আগ্রহ আরো বাড়িয়ে দেয়।
আজকালের খবর/আতে