
এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন স্টুডিও অ্যালবামের প্রথম ট্র্যাক প্রকাশ করল দেশের রক ব্যান্ড ওয়ারফেজ। ব্যান্ডটির বহুল প্রতীক্ষিত নতুন গান ‘গিরগিটি’ প্রকাশ পেয়েছে। ২০১২ সালের পর এটিই ওয়ারফেজের নতুন স্টুডিও অ্যালবামের প্রথম ট্র্যাক।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় লয় রেকর্ডস-এর ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় গানটির অডিও-ভিডিও। গানটি একই সঙ্গে আপস্টুডিও প্রোডাকশন হাউস-এর আসন্ন চলচ্চিত্রের অংশ হিসেবেও থাকছে।
‘গিরগিটি’ গানটির কথা লিখেছেন শামস মনসুর গনি ও কে এম ইমরানুল হক রিতুল। গানটির সুর করেছেন শামস মনসুর গনি। সংগীতায়োজন ও পরিবেশনায় রয়েছে ওয়ারফেজ। গানটির ভিজ্যুয়াল ও অ্যারেঞ্জমেন্ট করেছে আপস্টুডিও প্রোডাকশন হাউস।
গানটি প্রকাশ উপলক্ষে সোমবার রাজধানীর বনানীর ফাদার পিয়েক্সোত্তো হল, ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে লয় রেকর্ডস। সেখানে ওয়ারফেজ, চলচ্চিত্রটির নির্মাতা ও অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওয়ারফেজের ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, ব্যান্ডটি সবসময় গানের মানকে সংখ্যার চেয়ে বেশি গুরুত্ব দেয়। তিনি বলেন, “আমরা ওয়ারফেজে সবসময় কোয়ালিটিতে বিশ্বাস করি, কোয়ান্টিটিতে না। একটা ভালো ম্যাটেরিয়াল যদি না হয়, তাহলে আমরা ওই ম্যাটেরিয়ালে হাতই দিই না।”
ওয়ারফেজের নতুন এই গানটি আসছে এমন এক সময়ে, যখন ২০২৬ সাল ব্যান্ডটির জন্য বিশেষ একটি বছর। এ বছর ৪২ বছরের সংগীতযাত্রা উদযাপন করছে ওয়ারফেজ। একই সঙ্গে তারা পেয়েছে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।
আজকালের খবর/আতে