![]() |

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এবং মালয়েশিয়ার আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে সিজেডএম পরিচালিত স্কুল ও কলেজগুলোর মেধাবী ও যোগ্য স্নাতকদের মালয়েশিয়ার এআইইউতে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে।
সমঝোতা অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বিনামূল্যে আবাসনের সুবিধা এবং মাসিক ভাতা পাবেন। এছাড়া শিক্ষা, গবেষণা ও সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি তৈরি হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সিজেডএম-এর চেয়ারম্যান ও রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম, সিজেডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান কর্নেল (অব.) জাকারিয়া হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মনির ইবন হাফিজ ভূঁইয়া, সহকারী মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন এবং রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের কমপ্লায়েন্স ম্যানেজার মিসবাহুর রহমান আসিম উপস্থিত ছিলেন।
আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রেসিডেন্ট প্রফেসর দাতো’ ইর. ড. মোহাম্মাদ সালেহ বিন জাফার এবং উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. হাজী মোহামাদ আব্দুল্লাহ বিন হেমদি।
সিজেডএম জানায়, এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় হবে।