জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ভাংবাড়ি এলাকায় জোরপূর্বক ফসলি জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলো। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযুক্ত মো. জহিরুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
রবিবার (২৮ জুন) দুপুরে বড় ভাংবাড়ি এলাকার প্রধান সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভুক্তভোগী মো. শহিদুল্লাহ, মো. তারিকুল ও মো. ওয়াজুদ্দি।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাব খাটিয়ে তাদের পৈতৃক ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন মো. জহিরুল হক ও তার সহযোগীরা। এতে জমির প্রকৃত মালিকরা চরম নিরাপত্তাহীনতা ও ভোগান্তির শিকার হচ্ছেন।
তারা আরও জানান, এই ভূমিদস্যুতার বিষয়ে একাধিকবার স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে এই হয়রানি বন্ধ এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবারগুলো।
আজকালের খবর/কাওছার আল হাবীব