ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬টি উপজেলায় ১ হাজার ৭৮৫টি টিকা কেন্দ্রে প্রায় ২ লাখ ৫৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
রবিবার (২৮ জুন) সকালে শহরের পুরাতন হাসপাতাল চত্বরে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ ও ঝিনাইদহ ২৫ শয্যা শিশু হাসপাতালের পরিচালক ডা. আলী হাসান ফরিদ (জামিল) সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ক্যাম্পেইন চলাকালে জেলার ৬টি উপজেলায় মোট ২ লাখ ৫৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় মোট ১ হাজার ৭৮৫টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এই ক্যাম্পেইন চলছে।
এর মধ্যে সদর উপজেলায় মোট ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ১৮০ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া সদর উপজেলায় ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৪ হাজার ৪৩৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, ইপিআই সেন্টারগুলোতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া ভ্রাম্যমাণ বা অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
আজকালের খবর/বিএস