শনিবার ২৭ জুন ২০২৬
স্পেনের কাছে হেরে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিদায়
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:৩৭ এএম   (ভিজিট : ১৪)
গ্রুপপর্বে অপেক্ষাকৃত দুর্বল সৌদি আরব ও কেপ ভার্দের সঙ্গে ড্র করায় আগেই সমীকরণটা কঠিন করে ফেলেছিল উরুগুয়ে। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের নকআউটে খেলার আশা বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারাতেই হতো। কিন্তু ১-০ ব্যবধানে হেরে গ্রুপপর্বে মাত্র ২ পয়েন্ট পাওয়া উরুগুয়ের বিদায় নিশ্চিত হয়েছে।

মেক্সিকোর গুয়াদালাহারায় আজ (শনিবার) স্পেনের বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলে গোল হজম করে উরুগুয়ে। প্রথমার্ধ শেষেই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ মার্সেলো বিয়েলসা। দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে তিনটি গ্রুপ ম্যাচ খেলেও কোনো জয় পায়নি। অন্যদিকে, স্পেন ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করল।

গ্রুপের অন্য ম্যাচে কেপ ভার্দে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট, যা উরুগুয়ে ও সৌদি আরবের চেয়ে ১ পয়েন্ট বেশি। উরুগুয়ে তৃতীয় স্থানে থাকলেও সেরা আটটি তৃতীয় স্থানের দলের মধ্যে জায়গা করে নেওয়ার মতো পর্যাপ্ত পয়েন্ট অর্জন করতে পারেনি।

ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৯তম স্থানে থাকা উরুগুয়ে এখন পর্যন্ত বিদায় নেওয়া সবচেয়ে উচ্চ র‍্যাঙ্কিংয়ের দল। ৪২তম মিনিটে এই ম্যাচের একমাত্র গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা। বক্সের ভেতর থেকে নেওয়া তার শট পুরোপুরি ঠেকাতে পারেননি ৪০ বছর বয়সী মুসলেরা। চলতি বিশ্বকাপে এটি মুসলেরার তৃতীয় বড় ভুল। 

শেষ বাঁশি বাজার পরপর মাঠে বসে কান্নায় ভেঙে পড়েন উরুগুয়ের কয়েকজন খেলোয়াড়। তারা মাঠ ছাড়ার সময় অনেক সমর্থক তাদের উদ্দেশে দুয়োধ্বনি দেন। স্পেন-উরুগুয়ের এই ম্যাচ গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে বিবেচিত হলেও দুই দলের কেউই খুব বেশি পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

এ ছাড়া ম্যাচের শেষ দিকে ফেদেরিকো ভিনাস বক্সের ভেতরে পড়ে গেলে পেনাল্টির দাবিতে জোরালো আবেদন করেন উরুগুয়ের খেলোয়াড়রা। উভয়পক্ষের মাঝে শেষ মুহূর্তে উত্তেজনাও ছড়ায়। অতিরিক্ত সময়ে স্পেনের ডিফেন্ডার পল কুবার্সিকে ট্যাকলের কারণে উরুগুয়ের আগুস্তিন কানোবিও লাল কার্ড দেখেন। রেফারির সিদ্ধান্ত মানতে না চাওয়া স্ট্রাইকারকে মাঠের বাইরে নিয়ে যান সতীর্থরা। শেষ বাঁশির পর তিনি আবার ফিরে এসে রেফারির সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বকাপজয়ী উরুগুয়ে শেষ গ্রুপ ম্যাচের আগে কঠিন পরিস্থিতিতে ছিল। সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে ড্রয়ের পর দলটি চাপে পড়ে যায়। উরুগুয়ের সংবাদমাধ্যমে অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ বিয়েলসার সঙ্গে খেলোয়াড়দের অসন্তোষের খবরও প্রকাশিত হয়। দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে থাকা স্পেন প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে বিস্ময়কর ০-০ ড্র করে। তবে পরের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। ২০১০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর স্পেন আর শেষ ষোলো পেরোতে পারেনি। 

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft