![]() |

প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শনী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (২১ জুন) সকাল ১০টায় ক্যাম্বেলটাউনের ডুমারেক্স সিনেমা হলে শিশুতোষ চলচ্চিত্র ‘টয় স্টোরি ৫’ প্রদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বাংলা স্কুলের শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে চলচ্চিত্রটি উপভোগ করে।
চলচ্চিত্র প্রদর্শনী শেষে দুপুর ১২টায় অংশগ্রহণকারীরা গ্লেন আলপাইন কমিউনিটি হলে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন। সকাল থেকেই একদল স্বেচ্ছাসেবক অনুষ্ঠান সফল করতে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্করা বিভিন্ন খেলাধুলা, গল্প-আড্ডা এবং আনন্দঘন কার্যক্রমে অংশ নেন। শিশু ও বড়দের জন্য পৃথক গেমসের আয়োজন করা হয়। পাশাপাশি র্যাফেল ড্র এবং সেরা সাজের জন্য আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
এ সময় বাংলা স্কুলের শিক্ষার্থী অনিরুদ্ধের নবম জন্মদিন উদযাপন করা হয়। একই সঙ্গে ঈদ পুনর্মিলনী উপলক্ষে স্কুলের পক্ষ থেকে বিশেষ কেকের আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে উৎসবমুখর আবহ তৈরি করে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য সুস্বাদু প্রাতরাশ ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। খাবার পরিবেশন ও সার্বিক আয়োজনে সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। ফলে পুরো অনুষ্ঠানজুড়ে আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।
বিকেল সাড়ে ৩টায় ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আনন্দ, উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্যে ভরা এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
আজকালের খবর/ এমকে