নিঃশর্ত ভালোবাসা, দায়িত্ববোধ, ত্যাগ ও প্রেরণার প্রতীক বাবাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বিশ্ব বাবা দিবস উদযাপন করেছে ইয়ুথ হাব মালয়েশিয়া। এ উপলক্ষে গত ২১ জুন কুয়ালালামপুরে সংস্থাটির কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা, বিশেষ দোয়া ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইয়ুথ হাব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মো. জার্জিস ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইয়ুথ হাব (বাংলাদেশ ও মালয়েশিয়া) এবং ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা পাভেল সারওয়ার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়ুথ হাব (বাংলাদেশ ও মালয়েশিয়া) ও ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা সুমাইয়া জাফরিন চৌধুরী।
অনুষ্ঠানে ইয়ুথ হাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি মালয়ার ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের সিনিয়র লেকচারার এবং ইয়ুথ হাব মালয়েশিয়ার বোর্ড অব ডিরেক্টর ড. মোহাম্মদ আলী তারেক, ইউনিভার্সিটি মালয়ার ফ্যাকাল্টি অব মেডিসিনের মেডিক্যাল লেকচারার এবং ইয়ুথ হাব মালয়েশিয়ার বোর্ড অব ডিরেক্টর ড. তানিয়া ইসলাম, ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক তাশদীদ হোসাইন চৌধুরী এবং ইয়ুথ হাব বাংলাদেশের ক্রিয়েটিভ অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক নিয়ান সাহা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ হাবের শুভাকাঙ্ক্ষী ও ডিএইচএল মালয়েশিয়ার ফাইন্যান্স প্রফেশনাল অসীম সাহা রায়, শুভাকাঙ্ক্ষী হাবিবা আক্তার পাপিয়া, ইয়ুথ হাবের এসডিজি এজেন্টস, সংগঠনের সদস্যবৃন্দ এবং মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা।
বক্তারা বলেন, একজন বাবার ভালোবাসা অনেক সময় সরাসরি চোখে পড়ে না, কারণ তিনি আবেগের চেয়ে দায়িত্বকে বেশি গুরুত্ব দেন। পরিবারের নিরাপত্তা, সন্তানের ভবিষ্যৎ এবং সমাজ গঠনে বাবাদের অবদান অনস্বীকার্য। তাঁদের ত্যাগ, পরিশ্রম ও ভালোবাসার স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের সংস্কৃতি সমাজে আরও বিস্তৃত হওয়া প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাবাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা কেক কেটে বিশ্ব বাবা দিবসের তাৎপর্য উদযাপন করেন।
উল্লেখ্য, প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী বিশ্ব বাবা দিবস পালিত হয়। বাবাদের অবদান, দায়িত্ববোধ ও আত্মত্যাগের স্বীকৃতি জানাতে বিংশ শতাব্দীর শুরু থেকে দিবসটি পালনের প্রচলন শুরু হয়।
ইয়ুথ হাব বাংলাদেশ ও মালয়েশিয়াভিত্তিক একটি যুব নেতৃত্বাধীন আন্তর্জাতিক সংস্থা। সংস্থাটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক উদ্ভাবন এবং যুব ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও মঙ্গল), এসডিজি-৪ (গুণগত শিক্ষা), এসডিজি-৫ (লিঙ্গ সমতা), এসডিজি-৮ (শোভন কর্ম ও অর্থনৈতিক প্রবৃদ্ধি), এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো), এসডিজি-১৩ (জলবায়ু কার্যক্রম) এবং এসডিজি-১৭ (অংশীদারিত্ব) বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে সংস্থাটি।
মালয়েশিয়ার সিএসও-এসডিজি অ্যালায়েন্সের সদস্য হিসেবে ইয়ুথ হাব দেশটিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আজকালের খবর/ এমকে