সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এবং মোটরসাইকেল চালকদের মধ্যে নিরাপদ যাতায়াতের অভ্যাস গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরিবর্তে সচেতনতা বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে বুধবার (১৭ জুন) সকালে বিশেষ কর্মসূচি পরিচালনা করা হয়।
জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে সকাল ১১টা ১৫ মিনিট থেকে পরিচালিত এ কর্মসূচিতে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে যাওয়া চালকদের থামিয়ে তাৎক্ষণিক মামলা বা জরিমানা না করে নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে ৩৪ জন মোটরসাইকেল চালককে নিজ খরচে নতুন হেলমেট কিনে নিয়মিত ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা হয়।
এ সময় ট্রাফিক আইন মেনে চলা এবং হেলমেট ব্যবহারকারী মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি সকল চালককে ভবিষ্যতে হেলমেট পরিধান করে নিরাপদে যানবাহন চালানোর আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা। তিনি মোটরসাইকেল চালকদের উদ্দেশে বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আঘাতের ঝুঁকি কমাতে মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। নিজের নিরাপত্তার জন্য হেলমেটের কোনো বিকল্প নেই।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, হেলমেট ব্যবহার নিশ্চিত করতে এবং ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ১৬ জুন ব্রাহ্মণবাড়িয়া শহরে সারাদিনব্যাপী মাইকিংয়ের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
জেলা পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার নিরাপত্তা আপনার হাতে। হেলমেট পরিধান করুন, নিরাপদে চলুন। এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ সড়ক গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা পুলিশ।
আজকালের খবর/বিএস