প্রেমের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এসেছেন জিয়া ঐলী নামে এক যুবক। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে জিয়া ঐলী ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রেখেছেন জাহিদ ইসলাম। যে কোনো সময় তাদের বিয়ে সম্পন্ন হবে বলে নিজেই নিশ্চিত করেছেন তরুণী স্বপ্না আক্তার। ব্যতিক্রমী এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতুহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সাথে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে চীনের সিচুয়্যান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়া ঐলী নামের এক যুবকের।
নিয়মিত যোগাযোগের এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন অনলাইনে কথা বলার পর প্রিয় মানুষটির সাথে সরাসরি দেখা করতে সোমবার রাতে তিনি উপজেলার নীলনগর গ্রামের স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছেন। পরে তিনি তরুণীর পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। অনেকেই বিদেশি ওই যুবককে এক নজর দেখতে ভিড় করেন।
স্বপ্নার পরিবারের সদস্যরা জানান, চীনা যুবক স্বপ্না আক্তারকে বিয়ে করতে চান। মঙ্গলবার দুপুরে সে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন মুসলিম রীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন করা হবে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, এ বিষয়ে অবগত নই, খোঁজ খবর নেয়া হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে শুরু হওয়া এই প্রেমের গল্প স্থানীয়দের পাশাপাশি নেটিজেনদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আজকালের খবর/বিএস