গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর এলাকার জলবায়ু সহিষ্ণু, টেকসই অবকাঠামো সম্প্রসারণ এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী একটি প্রস্তুতিমূলক ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এবং কোটালীপাড়া পৌরসভা ও রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় পৌরসভা হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাগুফতা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন এলজিইডির নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান (রাজন) এবং কোটালীপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা পীযুষ কান্তি বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সহকারী প্রকৌশলী রাজীব ভক্ত। কর্মশালায় টেকসই নগর গঠনের বিভিন্ন কারিগরি ও সামাজিক দিক তুলে ধরে বক্তব্য দেন এলজিইডি ঢাকার সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন এবং অফিস ইঞ্জিনিয়ার শামসুর রহমান।
বক্তারা বলেন, একটি আধুনিক ও পরিবেশবান্ধব পৌরসভা গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যানের কোনো বিকল্প নেই। প্রকল্পটির আওতায় পৌরসভার বর্তমান ও ভবিষ্যৎ নাগরিক চাহিদা বিবেচনায় নিয়ে একটি দীর্ঘমেয়াদি উন্নয়নের রূপরেখা প্রণয়ন করা হবে। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর জামায়াতের সভাপতি আক্তার দাড়িয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রকৌশলীরা। কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন সুপারিশ ও মতামতের ভিত্তিতে কোটালীপাড়া পৌরসভার জন্য একটি সমন্বিত ও দুর্যোগ-সহনশীল উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
আজকালের খবর/কাওছার আল হাবীব