বাংলাদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট অনুমোদনকে কেন্দ্র করে ঘুষ ও দুর্নীতির অভিযোগে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন দেশটির সাবেক ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল শাম্মান ওয়াহিদ।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি ওয়ার্ক পারমিটের বিপরীতে ৮ হাজার মালদ্বীপীয় রুফিয়া ঘুষ আদায়ের বিষয়টি তিনি প্রেসিডেন্টকে সরাসরি অবহিত করেছিলেন। তবে অভিযোগ অনুযায়ী, বিষয়টি জানার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ফৌজদারি আদালতে ২৫ বছর জেল ও সাজা ঘোষণার শুনানির আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাম্মান দাবি করেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসানের মাধ্যমে এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছিল এবং প্রেসিডেন্ট পুরো বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। তাঁর দাবি, এ সংক্রান্ত চ্যাট ও অডিও রেকর্ডও রয়েছে, যদিও বর্তমানে তাঁর মোবাইল ফোন পুলিশের হেফাজতে রয়েছে।
শাম্মানের অভিযোগ, প্রেসিডেন্টের নিষ্ক্রিয়তা নিজেই একটি দুর্নীতিমূলক কর্মকাণ্ডের শামিল। তবে প্রেসিডেন্টের কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আজকালের খবর/ এমকে