বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই নতুন করে সামনে উঠে আসছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিতর্ক - লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো? দুই মহাতারকাই সম্ভবত তাঁদের ক্যারিয়ারের অন্তিম বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলেছেন। ফলে কে সেরা, সেই আলোচনা আবারও জোরদার হয়েছে ফুটবল মহলে। আর এবার এই বিতর্কে নিজের মতামত জানালেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
মেসির সঙ্গে একই দলে খেলেছেন এমবাপ্পে। আবার ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর বিরুদ্ধে খেলেছেন একাধিকবার। তাই এই দুই কিংবদন্তিকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, মেসি-রোনালদোর তুলনা অনেক সময়ই ভুলভাবে ব্যখ্যা করা হয়।
তিনি বলেন, “আমি দু’জনকে খুব কাছ থেকে দেখেছি। মেসির সঙ্গে খেলেছি এবং রোনালদোর বিরুদ্ধে খেলেছি। ক্রিস্টিয়ানো ছোটবেলা থেকেই আমার আইডল। কিন্তু লিও’র সঙ্গেও ড্রেসিং রুম ভাগ করেছি। সত্যি কথা বলতে কী ওরা সম্পূর্ণ আলাদা ধরনের ফুটবলার। ওদের মধ্যে কোনো মিল নেই।”
ফরাসি তারকার মতে, মেসি এবং রোনালদোকে একই মাপকাঠিতে বিচার করা ঠিক নয়। কারণ, মাঠে তাঁদের খেলার ধরণ, ম্যাচের উপর প্রভাব এবং ফুটবল ভাবনার ধরন একেবারেই আলাদা। একজন যেখানে অসাধারণ প্লে-মেকার এবং ড্রিবলার, অন্যজন সেখানে গোল করার মেশিন এবং অবিশ্বাস্য অ্যাথলেট।
তবে এমবাপ্পে এটাও পরিষ্কার করে দিয়েছেন যে, দু’জনই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তাঁদের সাফল্য এবং দীর্ঘসময় ধরে সর্বোচ্চ স্তরে পারফরম্যান্স করা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।
আজকালের খবর/কবির