রবিবার ৭ জুন ২০২৬
চোট কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন লিওনেল মেসি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৬)
বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর। পেশির চোট কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন অধিনায়ক লিওনেল মেসি। ফলে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ দু‘টি প্রস্তুতি ম্যাচের একটিতে তাঁকে মাঠে দেখা যেতে পারে বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

কয়েকদিন আগে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ৬-৪ গোলে জয়ের ম্যাচে পেশিতে চোট পান মেসি। বিশ্বকাপের ঠিক আগে তাঁর এই চোট আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। তবে সেই শঙ্কা এখন অনেকটাই দূর হয়েছে।

সাংবাদিকদের লিওনেল স্কালোনি বলেন, ‘লিও এখন অনেক ভালো আছে। সে ইতিমধ্যে দলের সঙ্গে কিছুটা অনুশীলন করেছে। এখন আর আলাদা করে অনুশীলন করছে না। ওর অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে।’

স্কালোনি আরও বলেন, ‘প্রস্তুতি ম্যাচগুলোর একটিতে মেসি কয়েক মিনিটের জন্য মাঠে নামতে পারে। সেটা হন্ডুরাসের বিরুদ্ধে নাকি আইসল্যান্ডের বিরুদ্ধে হবে, তা এখনও চূড়ান্ত নয়। তবে ওর সুস্থ হয়ে ওঠা আমাদের স্বস্তি দিচ্ছে।’

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচে তারা টেক্সাসে হন্ডুরাসের মুখোমুখি হবে। এরপর আলাবামায় আইসল্যান্ডের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মেসিকে বিশ্বকাপের দলে নেওয়া নিয়ে একটি মজার ঘটনাও শোনান স্কালোনি। আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি ওকে একটি বার্তা পাঠিয়েছিলাম। জবাবে মেসি বলেছিল, চূড়ান্ত স্কোয়াড ঘোষণার অপেক্ষায় থাকবে, সেখানে তার নাম আছে কি না দেখতে। তখন আমি বলেছিলাম, ‘তুমি অবশ্যই দলে আছো।’

৩৮ বছর বয়সী মেসির এটি ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। সবকিছু ঠিক থাকলে এটাই মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। তাঁর নেতৃত্বেই আর্জেন্টিনা ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জেতে। ফলে এবার তাদের কাছে লক্ষ্য ট্রফি ধরে রাখা।

গ্রুপ ‘জে’-তে রয়েছে আর্জেন্টিনা। ১৬ জুন আলজিরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। এরপর তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। 

আজকালের খবর/কবির









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft