বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারও কমেছে। চলতি জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, লিটারপ্রতি দাম কমানো হয়েছে ১৫ টাকা ৬৭ পয়সা।
আজ রবিবার (৭ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৩ মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল। তারও আগে, চলতি বছরের ৭ মে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করেছিল বিইআরসি।
আজকালের খবর/কাওছার আল হাবীব