দেশব্যাপী অব্যাহত শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধর্ষন ও যৌন নিপীড়ন বিরোধী সামাজিক আন্দোলন, ব্রাহ্মণবাড়িয়ার ব্যানারে শনিবার (৬ জুন) বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সাম্প্রতিক ধর্ষন ও যৌন নিপীড়নের ঘটনাবলী দ্রুততম সময়ে বিচারকাজ সম্পন্ন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে বক্তব্য রাখেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাংবাদিক আবদুন নূর, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা সিপিবির সভাপতি সাজিদুল ইসলাম, জেলা নাগরিক কমিটির সহসভাপতি আব্দুস সালাম, জেলা নারীমুক্তি সংসদের সভাপতি ফজিলাতুন নাহার, জেলা উদীচীর জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আবু কালাম নাঈম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাথী চৌধুরী, সরাইল উপজেলা কমিউিনিস্ট লীগের সম্পাদক আবদুস সোবহান মাখন, শ্রমিক নেতা মোঃ আল আমীন, আইনজীবী সহকারি কুঞ্জ মোহন ঋষি, জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক ওমর ফারুক, জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ প্রমুখ ।
প্রতিবাদ সমাবেশে দেশব্যাপী আশংকাজনক হারে শিশু ও নারী ধর্ষনসহ যৌন নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগের পাশাপাশি এসব নারকীয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনাবলীর দ্রুততম সময়ে বিচারকার্য সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি স্বল্পতম সময়ের মধ্যে কার্যকরের দাবি জানান।
সমাবেশে শিশু রামিসা হত্যা মামলার রায়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে দ্রুততম সময়ে মামলাটির তদন্তসহ বিচারকাজ সম্পন্নের জন্য (রবিবার রায় ঘোষণা হবে) সরকারকে অভিনন্দন জানিয়ে বক্তারা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের শিশু ময়না এবং সদর উপজেলার কালিসীমার দুই মাদ্রাসা ছাত্রীর হত্যা মামলার তদন্ত কাজ দ্রুত সম্পন্ন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয় ।
আজকালের খবর / রাশেদুল মিলন