জামালপুর পৌর শহরে দীর্ঘদিনের তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। আজ রবিবার (২৪ মে) সকাল ১১টার দিকে শহরের বাইপাস এলাকায় মহাসড়কটি অবরোধ করা হয়। পরে দুপুর দেড়টার দিকে পৌর কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, দীর্ঘ ১৮-১৯ বছর ধরে চার এলাকার মানুষ এই স্থায়ী জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। জলাবদ্ধতায় প্রায় ৫০০ একর কৃষি জমি আবাদের অনুপযোগী হয়ে পড়েছে।
অবরোধকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "পানির কারণে আমাদের ফসলি জমি নষ্ট হয়ে গেছে। এখন পানি ঘরে ও মসজিদে ঢুকে যাচ্ছে। বিষাক্ত সাপের উপদ্রব বেড়েছে। আমরা নিরুপায় হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। বছরের পর বছর ধরে আমরা পৌরসভা ও প্রশাসনের কাছে ঘুরেছি, কিন্তু শুধু আশ্বাসই পেয়েছি, কোনো সমাধান হয়নি। আমরা এবার স্থায়ী সমাধান চাই।"
খবর পেয়ে ঘটনাস্থলে এসে জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন, "ইতিমধ্যেই দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে, খুব দ্রুত সময়ের মধ্যে এই জলাবদ্ধতা নিরসনের জন্য একটি স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।"
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিলেন। পরবর্তীতে পৌর কর্তৃপক্ষের আশ্বাস এবং পুলিশের পক্ষ থেকে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব