রাজধানীতে লাইসেন্স ছাড়া অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ‘লা-অর্গানিক’ নামক একটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং ‘প্রকৃতি ফুড’ নামক অপর একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
আজ শনিবার (২৩ মে) রাজধানীর রামপুরা ও খিলগাঁও এলাকায় পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী এই সংস্থার বিশেষ অভিযানে এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, খিলগাঁও এলাকার ‘লা-অর্গানিক’ নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই’র লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই লাচ্ছা সেমাই, বাটার, মধু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ঘি উৎপাদন এবং বিপণন করে আসছিল। এই অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সেখান থেকে প্রায় ৬০০ কেজি লাচ্ছা সেমাই এবং ২০ কেজি অবৈধ বাটার জব্দ করা হয়।
অপরদিকে, রামপুরা বাজার এলাকায় অবস্থিত ‘প্রকৃতি ফুড’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখা যায়, তারা বিএসটিআই’র কোনো লাইসেন্স বা মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই ‘সেরেলাক্স’ পণ্য বিপণন করছে। এই অপরাধে প্রতিষ্ঠানটির প্রায় ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে রাজধানীর খিলগাঁও ও হাতিরঝিল এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার জনাব সিকান্দার মাহমুদ।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার জনাব ফারদিন ইসলাম এবং পরীক্ষক জনাব আহসান হাবীব খান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১১ (এপিবিএন)-এর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এবং লাইসেন্সবিহীন অবৈধ উৎপাদন ও বিপণন রোধে জনস্বার্থে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব