সোমবার ১৮ মে ২০২৬
দেশে চাহিদার চেয়ে ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত আছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:৪১ এএম   (ভিজিট : ৪)
দেশে চাহিদার চেয়ে বর্তমানে ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন আমাদের নেই। আমরা এই খাতে সম্পূর্ণ স্বাবলম্বী।’ রোববার বগুড়ার মম ইন কনভেনশন সেন্টারে আয়োজিত ‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। দেশের প্রাণিসম্পদ খাতের বর্তমান চিত্র তুলে ধরে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে প্রায় ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার পশু রয়েছে। যেখানে চাহিদা রয়েছে ১ কোটি ১ লাখ অথবা ২ লাখের মতো।’ তিনি বলেন, ‘আগামীতে মাংস রপ্তানিতেও আমরা অনেক এগিয়ে যাব। ইতোমধ্যে ‘বেঙ্গল মিট’ তাদের প্রসেসিং সেন্টারের মাধ্যমে গরুর মাংস রপ্তানি শুরু করেছে।’

সেমিনারে খামারিদের কল্যাণে সরকারের নানামুখী উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, টাঙ্গাইল থেকে যে বিশেষ 'কৃষি কার্ড' উদ্বোধন করা হয়েছে; তার আওতায় এখন থেকে কৃষকদের পাশাপাশি খামারিরাও অন্তর্ভুক্ত হবেন। এর ফলে কৃষি খাতের মতো খামারিরাও সব ধরনের ঋণ সুবিধা ও সার্বিক সহযোগিতা পাবেন।

তিনি আরো বলেন, সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিএনপি যখনই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, উন্নয়নে কাজ করেছে। বর্তমান সরকার মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ পরিচালক ডা. বেগম শামছুননাহার আহম্মদ।

সেমিনার শেষে সুলতান সালাউদ্দিন টুকু বগুড়া সদরের জয়পুর পাড়ায় একটি আধুনিক কসাইখানা এবং পরবর্তীতে নিশিন্দারার কারবালা এলাকায় নবনির্মিত 'বগুড়া জেলা প্রাণিসম্পদ ভবন' আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft