সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী আবু রায়হান।
জানাজায় অংশগ্রহণ করেন সংসদ-নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, মিজানুর রহমান সিনহা একজন সৎ, গুণী ও বন্ধুবৎসল ব্যক্তি ছিলেন। শিল্পক্ষেত্র এবং দেশের সেবায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
এর আগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি মরহুমের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করেন।
এ সময় জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বিএনপির মহাসচিব, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কর্মকর্তাবৃন্দ। এর আগে মরহুমের ছেলে পরিবারের পক্ষ থেকে তার পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জানাজায় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সংসদ সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সার্জেন্ট অ্যাট-আর্মস, মরহুমের নির্বাচনী এলাকার আপামর জনসাধারণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মিজানুর রহমান সিনহা গত (১৬ মে) রাত ২টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনি এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আজকালের খবর/বিএস