রবিবার ১৭ মে ২০২৬
নতুন আঙ্গিকে ফিরছে ধারাবাহিক ‘মা বাবা ভাই বোন’
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:১৫ পিএম  আপডেট: ১৬.০৫.২০২৬ ৮:১৬ পিএম  (ভিজিট : ২২)
প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মা বাবা ভাই বোন’ উপন্যাস অবলম্বনে একই নামে ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন হাসান রেজাউল। ২০২১ সালের শেষ দিকে এনটিভিতে শুরু হয়েছিল ধারাবাহিকটির প্রচার, ২০৯ পর্ব দিয়ে শেষ হয় ২০২৩ সালে। তিন বছর পর নতুন আঙ্গিকে ফিরছে প্রশংসিত এই ধারাবাহিক নাটক।

তবে এবার দীর্ঘ ধারাবাহিক আকারে নয়, সাত পর্বে সাজানো হয়েছে গল্প। কোরবানির ঈদ উপলক্ষে তৈরি হয়েছে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’। এবারও পরিচালকের আসনে হাসান রেজাউল। এবার সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে না বলে এটিকে অনুপ্রাণিত বলছেন নির্মাতা। পরিচালনার পাশাপাশি ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন হাসান রেজাউল।

মা বাবা ভাই বোন ধারাবাহিক নতুন আঙ্গিকে নির্মাণের কারণ জানিয়ে হাসান রেজাউল বলেন, ‘ধারাবাহিকটি যখন নির্মাণ করেছিলাম সে সময় পারিবারিক গল্পের খুব সংকট চলছিল। তাই নাটকটি প্রচারের পর সবাই দারুণভাবে গ্রহণ করেছিল। দেশের পাশাপাশি প্রবাস থেকেও অনেকে ফোন করে ভালো লাগা প্রকাশ করতেন। এখন আমাদের ইন্ডাস্ট্রিতে আবার পারিবারিক গল্পের জনপ্রিয়তা ফিরে এসেছে। তাই মনে হলো, মা বাবা ভাই বোন গল্পটি নিয়ে নতুন কিছু চিন্তা করা যায়। দর্শকদের রিকল দেওয়ার জন্যই আবার নাটকটি নির্মাণের সিদ্ধান্ত।’

আগের ধারাবাহিকের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে সাত পর্বের এই নাটকের গল্প। নির্মাতা বলেন, সংসারের নানা টানাপোড়েন, হাসি, আনন্দ আর দ্বন্দ্বই নাটকের মূল উপজীব্য। ধারাবাহিকটি যেখানে শেষ হয়েছিল তার পরের গল্প দেখতে পারবে দর্শক। আদর্শবান শিক্ষক জামান সাহেব, তার স্ত্রী জাহানারা এবং তাদের সন্তানেরা এখন কেমন আছে, সেই গল্প নিয়েই সাজানো হয়েছে চিত্রনাট্য।

নির্মাতা জানান, আগের অভিনয়শিল্পীদের অনেকেই এবারও আছেন। জামান সাহেব ও তার স্ত্রীর চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম ও সাবেরি আলম। আরও আছেন শবনম ফারিয়া, তাসনুভা তিশা, নিশাত প্রিয়ম, আবু হুরায়রা তানভীর প্রমুখ। তাঁদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া। ঈদের দিন থেকে সাত দিন পর্যন্ত এনটিভিতে রাত ৮টায় প্রচারিত হবে মা বাবা ভাই বোন। নির্মাতা জানান, দর্শকের সাড়া পেলে এই গল্প নিয়ে আবারও কাজ করবেন তিনি।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft