
এখন পর্যন্ত ঈদের সিনেমার আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বলিউডে প্রশংসা পাওয়া আরেফিন শুভ অভিনীত ‘মালিক’ সিনেমাটি। ধারণা করা হচ্ছে এই সিনেমার মাধ্যমে একক নায়কের অচলায়তনের তকমা ভাঙবেন শুভ।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই ‘মালিক’ মুক্তি নিয়ে ধোঁয়াশা ছিল। তবে অভিনেতা আরিফিন শুভর এক রহস্যময় পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে দর্শকদের মধ্যে।
শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি নতুন ছবি প্রকাশ করেন তিনি।
ছবির ক্যাপশনে লেখেন, ‘সব কিছুর শেষে একজনই থাকে... মালিক!’
এই পোস্টের পর থেকেই চলচ্চিত্র অঙ্গনে জোর গুঞ্জন উঠেছে তবে কি আসন্ন ঈদে পরোক্ষভাবে চ্যালঞ্জও জানিয়ে দিলেন কিনা এই হার্টথ্রোব? ভক্তরা এখন এই প্রশ্নের জবাব খুঁজছেন।
প্রকাশিত ছবিগুলোতে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে শুভকে। লম্বা চুল, পরিপাটি দাড়ি আর রুক্ষ অভিব্যক্তিতে তার নতুন উপস্থিতি মুহূর্তেই নেটদুনিয়ায় আলোচনার জন্ম দেয়। ভক্তদের অনেকেই মনে করছেন, এটি ‘মালিক’ সিনেমার চরিত্রেরই আভাস।
অ্যাকশনধর্মী এই সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। এ ব্যাপারে তিনি বলেন, ‘বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। বলা চলে আমাদের সিনেমা প্রায় কমপ্লিট। রবিবার সম্পূর্ণ সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে জমা দেবো।’
সিনেমাটি ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ থাকলেও এখন পর্যন্ত কোনো পোস্টার, টিজার কিংবা ট্রেলার প্রকাশ না হওয়ায় অনেকেই এর মুক্তি নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। শুভর এমন পোস্টের পর আর আশঙ্কা দূর হলো বলে মনে করছেন প্রদর্শকরা। গত ঈদে শাকিব খানের সিনেমায় লোকসান গুণে তারা এবার শুভর অপেক্ষায় এমন আভাস একাধিক প্রদর্শকদের সঙ্গে কথা বলে জানা গেছে।
পরিচালক চন্দন বলেন, ‘আমরা সার্টিফিকেশনে জমা দেওয়ার আগে সব কাজ গুছিয়ে একসঙ্গে প্রচারণায় নামতে চাই। প্রযোজকেরও একই পরিকল্পনা। প্রচারণা শুরু হলেই ধাপে ধাপে সব প্রকাশ করা হবে।’
‘মালিক’ সিনেমার আরেকটি বড় আকর্ষণ হলো, এর মাধ্যমে প্রায় চার বছর পর আবারও জুটি বাঁধছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এর আগে তারা তারকাঁটা এবং সাপলুডু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন।
আজকালের খবর/আতে