রবিবার ১৭ মে ২০২৬
কারিনা কায়সারকে নিয়ে তারেক আনামের স্মৃতিচারণ
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:১২ পিএম  আপডেট: ১৬.০৫.২০২৬ ৮:১৫ পিএম  (ভিজিট : ২৫)
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। ফেসবুকজুড়ে তাঁকে নিয়ে স্মৃতিচারণা করছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সহকর্মী ও ভক্তরা। কারিনাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন গুণী অভিনেতা তারিক আনাম খান।

তিনি লিখেছেন, ‘আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল। একসাথে থেকে আলাদা হয়ে গেল। কারিনা কায়সার আমাদের ছেড়ে চলে গেল।’

রেজাউর রহমান পরিচালিত ‘একসাথে আলাদা’ সিনেমায় অভিনয় করেছিলেন তারিক আনাম খান। যৌথভাবে পরিচালক রেজাউর রহমানের সঙ্গে এর গল্প ও চিত্রনাট্য লিখেছিলেন কারিনা কায়সার। সে সিনেমার শুটিংয়ের স্মৃতি স্মরণ করে তারিক আনাম খান লিখেছেন, ‘খুব অল্প সময়ের জন্য আমাদের দেখা, অল্প কথা, একটাই কাজ ‘একসাথে আলাদা’।

তারিক আনাম খান আরও লিখেছেন, ‘কারিনার কমেডির দিকে ঝোঁক বেশি, কমেডির জন্য সিচুয়েশন, অ্যাকশন লাইন, সংলাপ খুব গুরুত্বপূর্ণ, এটা ও জানত। জানত, কমেডিতে নিজের ওপরে হাসতে হয়। নিজের কাজটা খুব মন দিয়ে, দায়িত্ব নিয়ে করত; সারাক্ষণ মনিটরের সামনে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকত, চুপি চুপি কথা বলত তার টিমের সঙ্গে। আমার প্রায়ই মনে হতো, ‘‘ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না?’’ কথাটা বলা হয়নি, আর বলা হবেও না!’

সবশেষে আক্ষেপ রেখে তারিক আনাম লিখেছেন, ‘আমাদের একটা ধারাবাহিক পারিবারিক কমেডি করার কথা হচ্ছিল তার আগেই সবাইকে কাঁদিয়ে কারিনা চলে গেল! হায়রে জীবন! দোয়া করি অনন্তলোকে কারিনা ভালো থাকুক।’

তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ রেখে তারিক আনাম খান লিখেছেন, ‘একটা অনুরোধ, বিশেষ করে আমার তরুণ প্রজন্মের কাছে, জীবনযাত্রায় সচেতন হোন, খাবারদাবার নিয়ে সচেতন হোন। জীবন সুন্দর, জীবন মূল্যবান।’
 
লিভার-সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

কারিনার বয়স হয়েছিল ৩১ বছর। তিনি মা-বাবা ও দুই ভাই রেখে গেছেন। বরেণ্য দাবাড়ু রানী হামিদ তাঁর দাদি।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সম্প্রতি অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কারিনা। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

আজকালের খবর/আতে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft