শনিবার ১৬ মে ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১১:৩৯ পিএম   (ভিজিট : ১১)
ব্যাটার-বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। জয়ের ধারা অব্যাহত রেখে টানা দ্বিতীয় সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে আগামীকাল সফরকারী পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলতে নামছে টাইগাররা। ২০২৪ সালে পাকিস্তান সফরে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে সকাল ১০টায়।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় টাইগাররা। 

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্সে বড় ভূমিকা রাখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক এবং পেসার নাহিদ রানা। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১০১ ও দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করেন শান্ত। 

শান্তর পাশাপাশি ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মোমিনুল। দুই ইনিংসে যথাক্রমে- ৯১ ও ৫৬ রান করেন তিনি। 

বল হাতে বাংলাদেশের সফল বোলার রানা। বিশেষভাবে দ্বিতীয় ইনিংসে আগুন ঝড়ানো বোলিংয়ে পাকিস্তানকে ধসিয়ে দেন তিনি। ৯ দশমিক ৫ ওভার বল করে ৪০ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন নাহিদ। এতে ২৬৮ রানের জয়ের লক্ষ্যে ১৬৩ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম দুই ইনিংসে বাংলাদেশ যথাক্রমে ৪১৩ ও ৯ উইকেটে ২৪০ রান করে। প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩৮৬ রান। 

প্রথম ম্যাচের পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় টেস্টেও জয় পেতে চান ব্যাটার মুশফিকুর রহিম। দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘আমাদের লক্ষ্য টেস্ট জয়। আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। আমরা জানি কীভাবে পাকিস্তানকে আক্রমণ করতে হবে। আমাদের পরিকল্পনাগুলো যদি ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে পাকিস্তানকে চাপে ফেলতে পারব।’

মুশফিক আরও বলেন, ‘তিন ফরম্যাটেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান দল। তবে তারা খারাপ খেলেছে বলে, আমরা প্রথম টেস্ট জিতেছি তেমনটা নয়। আমরা তাদের বিপক্ষে ধারাবাহিকভাবে ভালো খেলেছি বলেই জিততে পেরেছি।’

বাঁ-হাঁটুর ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। তবে দ্বিতীয় টেস্টের একাদশে ফিরছেন তিনি। বাবরকে নিয়ে বাংলাদেশের পরিকল্পনার কথা জানান মুশফিক, ‘বাবরের মতো একজন বিশ্বমানের ক্রিকেটার যদি দলে থাকেন, অবশ্যই মানসিকভাবে পাকিস্তান চাঙা থাকবে। তবে আমরা যখন পাকিস্তানে গিয়ে দুই ম্যাচে তাদেরকে হারিয়েছিলাম, তখন বাবর ঐ দুই টেস্টেই খেলেছে। তারপরও পাকিস্তান আমাদের কাছে হেরেছিল।’

মিরপুরে হারের দুঃস্মৃতি ভুলে দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ বলেন, ‘এই টেস্টটি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিরিজ হার এড়ানোর জন্য জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না দল। আগের ম্যাচের ভুলগুলো শুধরে ভালো ক্রিকেট খেলা এবং জয় নিয়ে মাঠ ছাড়তে চায় দল।’

এখন পর্যন্ত টেস্টে ১৬বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৩টিতে এবং পাকিস্তানের জিতেছে ১২ ম্যাচে। ১টি ম্যাচ ড্র হয়।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান। 

পাকিস্তান দল :
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

আজকাালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft