মালয়েশিয়ার পশ্চিম উপকূলের পাংকর দ্বীপের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় এ পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামুদ্রিক কর্তৃপক্ষ।
মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) জানায়, সোমবার ভোরে স্থানীয় এক জেলে সমুদ্রে কয়েকজনকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন। পরে উদ্ধার অভিযান শুরু করা হয়।
পেরাক অঙ্গরাজ্যের এমএমইএ পরিচালক মোহাম্মদ শুকরি কুতুব এক বিবৃতিতে জানান, প্রাথমিক তদন্তে নৌকাটিতে মোট ৩৭ জন অনথিভুক্ত অভিবাসী ছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং বাকি নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী অভিবাসীরা গত ৯ মে ইন্দোনেশিয়ার কিসারান এলাকা থেকে যাত্রা করেছিলেন। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল, যার মধ্যে রয়েছে পেনাং, তেরেঙ্গানু, সেলাঙ্গর ও রাজধানী কুয়ালালামপুর।
নিখোঁজদের উদ্ধারে এমএমইএ নৌযান, হেলিকপ্টার ও নজরদারি বিমান মোতায়েন করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অর্থনৈতিকভাবে তুলনামূলক সমৃদ্ধ মালয়েশিয়ায় এশিয়ার বিভিন্ন দরিদ্র দেশ থেকে আসা লাখো অভিবাসী কাজ করেন। তাদের অনেকেই অনথিভুক্ত অবস্থায় নির্মাণ, কৃষি ও অন্যান্য খাতে শ্রম দিয়ে থাকেন। তবে মানবপাচার চক্রের মাধ্যমে পরিচালিত এসব সমুদ্রপথের যাত্রা প্রায়ই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং দুর্ঘটনার ঘটনা ঘটে।
গত বছরের নভেম্বরেও থাই-মালয়েশিয়া সীমান্ত উপকূলে আরেকটি নৌকা ডুবির ঘটনায় ৩৬ জন অভিবাসীর মৃত্যু হয়েছিল, যা সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়।
আজকালের খবর/বিএস