রবিবার ১০ মে ২০২৬
মালয়েশিয়া-রাশিয়া সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: সুলতান ইব্রাহিম
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১:০১ পিএম   (ভিজিট : ৬)
মালয়েশিয়া ও রাশিয়ান ফেডারেশনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধারাবাহিকভাবে আরও শক্তিশালী ও ফলপ্রসূ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম।

তিনি বলেন, আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উদযাপিত হবে, যা মালয়েশিয়া-রাশিয়া সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

শুক্রবার (৯ মে) মস্কোর ক্রেমলিন-এ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন -এর সঙ্গে একান্ত বৈঠকে এসব কথা বলেন মালয়েশিয়ার রাজা।

সুলতান ইব্রাহিম বলেন, ১৯৬৭ সাল থেকে মালয়েশিয়া ও রাশিয়ার মধ্যে সহযোগিতা ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক আরও দৃঢ় ও কার্যকর রূপ পেয়েছে।

তিনি উল্লেখ করেন, চলতি বছরের জানুয়ারির শুরুতে সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠক অত্যন্ত গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে উন্নীত করার বিষয়ে অভিন্ন আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

মালয়েশিয়ার রাজা বলেন, দীর্ঘদিনের এই বন্ধুত্বপূর্ণ যাত্রা এবং দুই দেশের সম্পর্কের উল্লেখযোগ্য অর্জনগুলোকে অর্থবহ ও ঐতিহাসিকভাবে উদযাপন করা উচিত।

বৈঠকের আগে ক্রেমলিনে পৌঁছালে প্রেসিডেন্ট পুতিন উষ্ণ অভ্যর্থনা জানান সুলতান ইব্রাহিমকে।

এ সময় মালয়েশিয়ার রাজা রাশিয়ার পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণ ও সম্মানের প্রতিদান হিসেবে প্রেসিডেন্ট পুতিনকে ২০২৭ সালে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের হীরকজয়ন্তী উপলক্ষে এই রাষ্ট্রীয় সফরের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft