বৃহস্পতিবার ২১ মে ২০২৬
ভাঙ্গায় কুকুরের ধাক্কায় ভ্যান উল্টে গৃহবধূর মৃত্যু
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৬০)
ফরিদপুরের ভাঙ্গায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ভ্যান দুর্ঘটনায় গুরুতর আহত কোহিনুর বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১০ মে) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত কোহিনুর ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী বাস্তোখোলা গ্রামের ইব্রাহিম মাতুব্বরের স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে কোহিনুর বেগম ভ্যানে করে ভাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ কয়েকটি কুকুর রাস্তার ওপর ছোটাছুটি শুরু করলে একটি কুকুর ভ্যানের নিচে ঢুকে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি রাস্তার পাশের খাদে উল্টে যায়।

দুর্ঘটনায় কোহিনুর বেগমসহ অন্তত পাঁচজন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কোহিনুর বেগমের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রোববার দুপুরে তার মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবার।

নিহতের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের মাতম চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয়রা গ্রামীণ সড়কে ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল ও গবাদি পশু বা প্রাণীর অবাধ বিচরণ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft