মঙ্গলবার ৫ মে ২০২৬
গাইবান্ধায় জলবসন্তের উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১১:৫২ পিএম   (ভিজিট : ৮)
গাইবান্ধায় জলবসন্তের (পক্স) উপসর্গ নিয়ে ইতিশ চন্দ্র দাস (৪৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গত রোববার রাত ১টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান । তিনি সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং খোলাহাটি উচ্চ বিদ্যালয়ের কৃষি বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ওই শিক্ষকের জলবসন্তের উপসর্গ দেখা দেয়। একই উপসর্গ দেখা দেয় স্ত্রী ও দুই সন্তানের। পরিবারের সদস্যরা জানান, প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হচ্ছিল। পরে রোববার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর মৃত্যু হয়।

ইতিশ দাসের স্ত্রী অর্চনা রানী দাস জানান, কয়েক দিন আগে প্রথমে তার শরীরে জল বসন্তের লক্ষণ দেখা দেয়। পরে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলেও পরবর্তী সময়ে তাঁর স্বামীর একই লক্ষণ দেখা দেয়। 

গত বুধবার ঢাকায় থাকা তাদের বড় ছেলে প্রিমল দাস বাড়িতে এলে তিনিও আক্রান্ত হয়। ওই দম্পতির ছোট ছেলে অমৃত দাসের (৭) জল বসন্ত হয়েছে।

মারা যাওয়া ওই শিক্ষকের সহকর্মী উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস জানান, ইতিশ দাস আগে থেকে বড় কোনো রোগে আক্রান্ত ছিলেন না। এই রোগে আক্রান্ত হয়েই তিনি মারা যান। 

গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্কুলশিক্ষক ইতিশ চন্দ্র দাস জলবসন্তে আক্রান্ত হয়েছে। তাঁর পরিবারের অন্য সদস্যদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তবে সকালে তিনি বলেছিলেন, ওই শিক্ষক গুটি বসন্তে মারা গেছেন। 

জলবসন্ত মূলত একটি ভাইরাসজনিত ও অত্যন্ত ছোঁয়াচে রোগ। ভ্যারিসেলা জোস্টার নামক ভাইরাসের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি বা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে এই ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে এবং সুস্থ মানুষকে সংক্রামিত করে। রোগীর ত্বকের ফোসকা বা ফুসকুড়ির পানি সরাসরি কারও শরীরে লাগলে। রোগীর ব্যবহৃত কাপড়, বিছানা বা ব্যক্তিগত জিনিসপত্র স্পর্শ করলে এই রোগটি সাধারণত বসন্তকালে বেশি দেখা দেয় এবং যে কোনো বয়সেই হতে পারে।

দুঃখ প্রকাশ

প্রতিবেদনটিতে পূর্বে গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানের বরাতে গুটিবসন্তের উপসর্গ নিয়ে ইতিশ চন্দ্র দাসের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছিল। তবে পরে তিনি জানান, ইতিশ চন্দ্র দাস জলবসন্তের উপসর্গ নিয়ে মারা গেছেন। প্রতিবেদনে অনিচ্ছাকৃত এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে।   

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft