
পিঠাপ্রেমীদের এক বছরের অপেক্ষায় রেখে শিল্পকলা একাডেমিতে শেষ হলো দশদিনব্যাপী ১৯তম জাতীয় পিঠা উৎসব। আলোচনা, সেরা পিঠা শিল্পীদেরকে পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো ছিলো সমাপনী আসর।
গতকাল রবিবার সন্ধ্যায় সমাপনী আসরে অতিথি ছিলেন বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
জাসাস এর সাবেক সাধারণ সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম।
আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যে সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়েছে তা দিন দিন আরো বেগবান হবে। সংস্কৃতির শক্তির মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে আরো সমৃদ্ধ করা হবে বলেও মনে করেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
পিঠাশিল্পসহ বাংলার আদি সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে জাতিকে এগিয়ে নেওয়ার জন্য রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে শিল্পকলা একাডেমি পর্যন্ত যে “জাতীয় সাংস্কৃতিক বলয়” এর পরিকল্পনা গ্রহণ করেছিলেন সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের কৃষ্টি-কালচার ও সংস্কৃতি উত্তরোত্তর উৎকর্ষতা বৃদ্ধি পেতো ও সমৃদ্ধির শীর্ষস্থানে উন্নীত হতো। মননশীল জাতি গঠনে আবহমান বাংলার নিজস্ব সংস্কৃতির কোনো বিকল্প নেই। তাই পিঠাসহ সকল দেশীয় সংস্কৃতির উন্নয়ন ও প্রসারে সরকারের পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ নিতে হবে।
স্বাগত বক্তব্যে পিঠা উৎসবের গত ১৮ বছরের ইতিহাস তুলে ধরেন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম।
অনুষ্ঠানে চারজন পিঠাশিল্পী ও চারজন লোকজ শিল্পীসহ মোট আটজন শিল্পীকে পুরস্কার প্রদান করা হয়।
বিচারকদের পক্ষে পুরস্কার ঘোষণা করেন জনপ্রিয় অভিনেতা আব্দুল আজিজ ও পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
আলোচনা ও পুরস্কার প্রদান শেষে নাচ ও গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন প্রতিশ্রুতিশীল শিল্পীরা।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায়, শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের যৌথ আয়োজনে গত ২৪ মার্চ দশদিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
আজকালের খবর/আতে