
‘স্যাক্রেড গেমস’-এর প্রায় সাত বছর পর আবারও নেটফ্লিক্সে পুলিশের পোশাকে ফিরছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। তার আসন্ন ক্রাইম ড্রামা ‘কর্তব্য’ ১৫ মে ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে।
ছবিটির মূল কেন্দ্রে রয়েছেন একজন পুলিশ অফিসার, যিনি পেশাগত দায়িত্ব ও পরিবারের নিরাপত্তার এক কঠিন দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। দেশের প্রত্যন্ত অঞ্চলের পটভূমিতে নির্মিত এই ছবিতে দেখানো হয়েছে, আইন ও সত্য রক্ষার লড়াইয়ে একজন মানুষকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়।
সাইফ এখানে একটি বহুমাত্রিক ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন।
শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন পুলকিত। সাইফের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে রসিকা দুগ্গাল, সঞ্জয় মিশ্র, জাকির হোসেন ও মনীশ চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতাদের। প্রায় তিন বছর ধরে প্রস্তুতির পর অবশেষে ছবিটি দর্শকদের সামনে আসছে।
নেটফ্লিক্সে সাইফের আরো একটি কাজ মুক্তির অপেক্ষায় আছে, যার নাম ‘হাম হিন্দুস্তানি’। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে তিনি প্রথম প্রধান নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় অভিনয় করেছেন। এ ছাড়া প্রেক্ষাগৃহের জন্য অক্ষয় কুমারের সঙ্গে তার ‘হাইওয়ান’ ছবিটিও এ বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র : ভ্যারাইটি
আজকালের খবর/আতে