শনিবার ২ মে ২০২৬
'কিং'-এর ছবি ফাঁস হতেই কী বার্তা সিদ্ধার্থর?
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ১০:০৩ পিএম   (ভিজিট : ২৩)
বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত 'কিং' ছবিটি নিয়ে উন্মাদনার শেষ নেই। আর সেই ছবি নিয়ে নতুন করে হইচই পড়েছে শুটিংয়ের একটি দৃশ্য ভাইরাল হতেই। এই ছবিতে দেখা গেছে, বিদেশের রাস্তায় দীপিকা পাড়ুকোনের হাত ধরে হাঁটছেন শাহরুখ খান। ছবি ফাঁস হওয়ার পর কী বললেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ? 

সিদ্ধার্থ আনন্দ বর্তমানে অ্যাকশনে ঠাসা ছবি 'কিং'-এর শুটিংয়ে ব্যস্ত। আর তার মাঝেই শুটিংয়ের দৃশ্য এভাবে ভাইরাল হতেই তিনি প্রতিবাদে গর্জে উঠেছেন। একই সঙ্গে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের ভক্তদের অনুরোধ করেছেন ছবিটি শেয়ার না করার জন্য। বরং তাঁরা যেন ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন, ছবিটির মুক্তির জন্য যাতে সারপ্রাইজ থাকে। 

সিদ্ধার্থ আনন্দ এক্স-এ এক পোস্টে লেখেন, 'সমস্ত ভক্তদের কাছে অনুরোধ, কেউ দয়া করে কিং ছবির সেট থেকে কোনো রকম ছবি বা ভিডিও পোস্ট বা সার্কুলেট করবেন না।' সঙ্গে তিনি আরও লেখেন, 'গোটা টিম দিনরাত এক করে কাজ করছে যাতে আপনারাই সেরা সিনেমাটিক এক্সপেরিয়েন্স পান। চমকের জন্য অপেক্ষা করি। ছবিটি যখন মুক্তি পাবে, তার জন্য অপেক্ষা করি। ধন্যবাদ আপনাদের ভালোবাসা, সাহায্য এবং সমর্থনের জন্য। শাহরুখ খানকে দেখা যাবে কিং হিসেবে।' 

প্রসঙ্গত, আজ শুক্রবার সকালে একটি ক্লিপ ভাইরাল হয় সামাজিত যোগাযোগমাধ্যমে, সেখানে দেখা যায় 'কিং' ছবির শুটিং চলছে। শাহরুখ এবং দীপিকা হাত ধরে হাঁটছেন। এখানে দীপিকা পাড়ুকোনকে কমলা রঙের একটি ড্রেসে দেখা গেছে। শাহরুখের পরনে সাদা এবং নীল স্ট্রাইপ শার্ট এবং নীল প্যান্ট। দীপিকা পাড়ুকোন বর্তমানে দ্বিতীয়বারের মতো গর্ভবতী। কয়েক সপ্তাহ আগেই তিনি তাঁর দ্বিতীয় সন্তান আসার কথা ঘোষণা করেছেন। গর্ভাবস্থায় তিনি এই ছবির শুটিং করছেন। সেটা দেখে আরও বেশি মুগ্ধ হয়েছেন তাঁর ভক্তরা। ডেডিকেশনের তারিফ করেছেন অনেকেই। 

ডাঙ্কি ছবির পর প্রায় আড়াই বছরের বিরতি দিয়ে আবার বড় পর্দায় আসছেন শাহরুখ খান। এই ছবির হাত ধরে বড় পর্দায় পা রাখবেন শাহরুখ কন্যা সুহানা। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দীপিকা পাড়ুকোন ছাড়াও থাকবেন অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জী, আরশাদ ওয়ারসি, অভয় দেওল, রাঘব জুয়াল, যিশু সেনগুপ্ত। ২০২৬ সালের বড় দিনের সময় ২৪ ডিসেম্বর মুক্তি পাবে 'কিং'। ছবিটির প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স।

আজকালের খবর/একে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft