শনিবার ২ মে ২০২৬
নগরকান্দায় গণপিটুনিতে ট্রাকচালক নিহত, আহত ২
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১০:৫২ এএম   (ভিজিট : ৫)
ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের নতুনহাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-৭৩৩২) বিলনালিয়া গ্রামের সরু সড়ক দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। ট্রাকটির বেপরোয়া গতি দেখে এলাকাবাসী সেটির গতিরোধ করে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকের চালক ও হেলপারসহ তিনজনকে গণপিটুনি দেয়। এতে ট্রাকচালক হান্নান (৪৫) গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহত হান্নানের বাড়ি বোয়ালমারী উপজেলায়। আহতরা হলেন—হেলপার নাঈম (২২), বাড়ি সালথার সোনাখোলা এবং আল-আমিন (২৫), বাড়ি কাগদী এলাকায়। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতেও ব্যাপক ভাঙচুর চালায়। স্থানীয়দের দাবি, ট্রাকটি রসুলপুরসহ বিভিন্ন এলাকায় একাধিক পথচারীকে আহত করে পালিয়ে আসছিল। এতে প্রায় ২০ জন পথচারী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে ট্রাকটি বিলনালিয়ার নতুনহাটখোলা এলাকার একটি মুন্সী স্টোরে ধাক্কা দেয়।

খবর পেয়ে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ এবং তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ড্রাইভারসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ জানান, ট্রাকটি বিভিন্ন এলাকায় দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft