বৃহস্পতিবার ২১ মে ২০২৬
‘আন্ধার’ সিনেমায়ও থাকছে বেজবাবা সুমনের গান
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪:২৯ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৬ ৪:৩৩ পিএম  (ভিজিট : ৪৩৫)
সাধারণত কোনো সিনেমায় নিজের গান ব্যবহারের অনুমতি দেন না অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন, যিনি বেজবাবা সুমন নামে পরিচিত। তবে রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় ব্যবহারের জন্য ‘চাইতেই পারো তুমি’ গানটি দিয়ে দেন সুমন। এর কারণ, তানিম নূর তাঁর অন্যতম পছন্দের পরিচালক।

এবার জানা গেল, মুক্তির অপেক্ষায় থাকা রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমাতেও থাকছে সুমনের গান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুমন জানান, পুরোনো গানের সঙ্গে আন্ধার সিনেমায় তাঁর কণ্ঠে নতুন গানও পাবেন দর্শক। তবে গান নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাইলেন না তিনি। জানালেন, সিনেমা মুক্তির আগে বিস্তারিত জানানো হবে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

আন্ধার সিনেমার গল্পের সঙ্গেও জুড়ে আছে সুমনের নাম। ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরী ও আদনান আদিব খানের সঙ্গে আন্ধার সিনেমার গল্প লিখেছেন সুমন। সিনেমাটি নিয়ে সুমন বলেন, ‘এটা অন্য ধরনের গল্পের সিনেমা হতে যাচ্ছে। এটা শুধু হরর নয়, এখানে কমিক রিলিফ আছে, অ্যাকশন আছে, থ্রিল আছে, আবার ডিটেকটিভ গল্পের ছোঁয়াও পাওয়া যাবে। আমি নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশে এমন ঘরানার সিনেমা এর আগে হয়নি।’

ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে সুমন ও শাকিব চৌধুরীর। ভৌতিক গল্পের সন্ধানে একসময় দেশের বিভিন্ন জায়গায় ছুটে গেছেন তাঁরা। সেই অভিজ্ঞতা থেকেই লেখা হয়েছে আন্ধারের গল্প। আন্ধারে অভিনয়ে রয়েছেন একঝাঁক তারকা। আছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার প্রমুখ। গত বছর শেষ হয়েছে আন্ধারের শুটিং। এ বছরেই প্রেক্ষাগৃহে মুক্তির কথা আছে।

এদিকে বনলতা এক্সপ্রেস মুক্তির পর নতুন করে আলোচনায় এসেছে ‘চাইতেই পারো তুমি’। সিনেমা হলেও এই গানের সঙ্গে গলা মেলাতে দেখা যাচ্ছে। দর্শকের এমন উচ্ছ্বাস দেখে আনন্দিত সুমন। তিনি বলেন, ‘যেকোনো কাজের যদি স্বীকৃতি পাওয়া যায়, সেটা খুব আনন্দের। সিনেমাটি সবাই খুব পছন্দ করছে। দেশের বাইরে থেকেও ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আমি খুব গর্ববোধ করছি যে এটার একটা পার্ট হতে পেরেছি।’

সুমন আরও বলেন, ‘সাধারণত সিনেমায় আমি গান দিতে চাই না। কিন্তু বনলতা এক্সপ্রেস থেকে অফার আসার পর প্রথমেই রাজি হয়ে যাই। এর পেছনে কারণ আছে। তানিম নূরের কাজ সম্পর্কে আগে থেকে আমার ধারণা ছিল। উৎসব সিনেমাটি আমার ছেলে-মেয়ে সবাই দেখেছে। এ ছাড়া তাঁর পরিচালিত কাইজার ওয়েব সিরিজটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের।’

আজকালের খবর/আতে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft